সন্ত্রাসবিরোধী রাজু দিবসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী রাজু দিবসে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্রনেতারা।
গতকাল রোববার নানা আয়োজনে সন্ত্রাসবিরোধী বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। এ উপলক্ষে ছাত্রসংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যে ফুল দিয়ে শহীদ মঈন হোসেন রাজুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দখল নিয়ে ১৯৯২ সালের ১৩ মার্চ ছাত্রলীগ ও ছাত্রদলের গোলাগুলির মধ্যে পড়ে মারা যান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তখনকার সমাজকল্যাণ সম্পাদক মঈন হোসেন রাজু। ওই সময় তিনি শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র ঐক্যের প্রতিবাদ মিছিল করছিলেন।
গতকাল সকাল আটটায় সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, রাজুর মিছিলের সঙ্গীরা, রাজু সংসদ, সাংস্কৃতিক ইউনিয়ন, পরিবেশ বীক্ষণ, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, জগন্নাথ হল, শামসুননাহার হল, ব্যবসায় শিক্ষা অনুষদ ও চারুকলা অনুষদ শাখা।
পরে এক সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীর সঞ্চালনায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত, রাজুর সহযোদ্ধা ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি আবদুল্লাহ আল কাফি রতন, সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম, সাবেক সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ। বক্তারা সন্ত্রাসের বিপরীতে শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানান।
সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি না থাকলেও সারা দেশের সব বিশ্ববিদ্যালয়কে প্রশাসন ও সন্ত্রাসী ছাত্রসংগঠনের টর্চার সেলে পরিণত করা হয়েছে। এই সন্ত্রাসেরই শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী হাফিজুর মোল্লা। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে রাজু দিবসের স্মরণে এবং হাফিজুর মোল্লার হত্যাকাণ্ডসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী ছাত্রসংগঠনের উপদ্রবের প্রতিবাদ জানিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক ঘুরে কলাভবনের সামনে গিয়ে শেষ হয়।