সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকবে বাংলাদেশ
ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা এ কথা বলেছেন।
বার্তা সংস্থা বাসসের এক খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।
গতকাল শুক্রবার রাতে প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় শতাধিক ব্যক্তি নিহত এবং কয়েক শ ব্যক্তি আহত হয়েছেন। এর নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বার্তা পাঠান।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্যারিসে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় অনেক নিরপরাধ ব্যক্তি হতাহতের ঘটনায় আমি মর্মাহত। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফ্রান্সের জনগণ ও সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’
শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসীই। তাদের কোনো ধর্ম-বর্ণ নেই। কোনো সভ্য সমাজে তাদের কোনো স্থান নেই। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একসঙ্গে আছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনার প্রতি এবং আপনার মাধ্যমে ফ্রান্সের জনগণের প্রতি আমার গভীর শোক প্রকাশ করছি। হতাহত পরিবারের সদস্যদের জন্য আমাদের সমবেদনা। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’
এ হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে দেশটির সব সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি দেড় হাজার সেনাসদস্যও মোতায়েন করা হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ হামলার নিন্দা জানিয়ে হোতাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার কথা বলেছে ন্যাটো। যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত জানিয়ে এক বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিসে এই সন্ত্রাসী হামলার ভয়াবহতায় ক্ষুব্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক টুইটে বলেছেন, সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে তাঁরা ফ্রান্সের মানুষের পাশে থাকবেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল প্যারিসে এই সন্ত্রাসী হামলার ঘটনায় ‘বিস্মিত, হতবাক’ বলে জানিয়েছেন। রাশিয়া এই হামলার নিন্দা জানিয়ে ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।