সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন ইউরোপীয় পার্লামেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থনের কথা জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এশিয়াবিষয়ক শাখার প্রধান মারিয়া কাস্তেলো ফার্নান্দেজ গত সোমবার ব্রাসেলসে নিয়মিত মাসিক সভায় ইউরোপীয় পার্লামেন্টের এ অবস্থানের কথা জানান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সভায় ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক ওই প্রতিনিধি অন্যান্য বিষয়ের পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে পাড়ি জমানো অভিবাসী ও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন প্রস্তাব ও এর আগে দেওয়া বিবৃতির প্রসঙ্গ তুলে মারিয়া কাস্তেলো বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলকে সংলাপ চালানোর আহ্বান জানানো হয়েছে।
১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনাকে ভয়াবহ, অপ্রীতিকর ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে ইইউতে বাংলাদেশ মিশনের প্রধান ইসমত জাহান সভায় বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক ঘটনায় পরিণত হয়েছে।
গুলশান হামলার শিকার নিরপরাধ ব্যক্তিদের শোকাহত পরিবারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান ইসমত জাহান। তিনি বাংলাদেশকে এ ইস্যুতে ইইউর সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।