সন্ত্রাসবিরোধী সৌদি জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের উদ্যোগে ৩৪টি দেশের সন্ত্রাসবিরোধী জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। সামগ্রিকভাবে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের অনুরোধে সাড়া দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রাথমিকভাবে ওই কেন্দ্রে যোগ দিতে রাজি হয়েছেন। সমন্বিত উপায়ে সন্ত্রাসবাদ দমনে অভিজ্ঞতা বিনিময় ও প্রয়োজনীয় সমর্থন জোগানোর কাজ করবে রিয়াদের কেন্দ্রটি। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থী মতাদর্শ দমনে তথ্য ও উপাত্ত বিনিময়সহ প্রয়োজনীয় সহযোগিতা জোগাবে এই কেন্দ্র।
রিয়াদের একাধিক কূটনৈতিক সূত্রে কথা বলে জানা গেছে, সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশকে যুক্ত করতে আদেল আল জুবায়ের গত রোববার মাহমুদ আলীর সঙ্গে ফোনে কথা বলেন। এরপর সৌদি আরব নিজেদের প্রস্তাবের বিষয়টি নিয়ে বাংলাদেশকে ই-মেইল পাঠিয়েছে। সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজকে উদ্ধৃত করে এসপিএ রিয়াদের উদ্যোগকে সন্ত্রাসবিরোধী সামরিক জোট অভিহিত করলেও বাংলাদেশের কর্মকর্তারা বলছেন অন্য কথা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, প্রায় সব দেশেরই সন্ত্রাসবাদ দমনে দ্বিপক্ষীয় উদ্যোগ রয়েছে, যাতে কখনো কখনো সমন্বয়ের ঘাটতি দেখা দেয়। সৌদি আরবের প্রস্তাবিত কেন্দ্রটি আরও সমন্বিত ও কার্যকর পদ্ধতিতে সন্ত্রাস দমনের কাজটি করবে।
বাংলাদেশের ভূমিকা সম্পর্কে শাহরিয়ার আলম বলেন, সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও প্রয়োজনীয় সমর্থন দেওয়ার কাজটি করবে বাংলাদেশ। তা ছাড়া এখন এটি প্রাথমিক পর্যায়ে আছে। এ বিষয়ে জাতীয় সংসদসহ আরও ব্যাপক পরিসরে আলোচনার প্রয়োজন।
রিয়াদের কূটনৈতিক সূত্র বলেছে, জোটে যুক্ত হলেও কোনো ধরনের সামরিক অভিযান ও আর্থিক প্রক্রিয়ায় বাংলাদেশ যে যুক্ত হবে না, সেটি স্পষ্ট করে সৌদি আরবকে বলা হয়েছে। বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকায় এখনো ঠিক স্পষ্ট নয়, সৌদি আরব সন্ত্রাসবিরোধী জোটের কাজ কীভাবে করবে। আগামী জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর প্রস্তাবিত রিয়াদ সফরের সময় এ নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। ওই আলোচনার পর সন্ত্রাসবিরোধী জোটের কাঠামো ও কাজের পরিধি সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে।
এসপিএ জানায়, রিয়াদে যৌথ অভিযান কেন্দ্র স্থাপন করা হবে। জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই জোরদার করতে পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপের মুখে এই জোটের ঘোষণা দেওয়া হলো। জোটের ৩৪টি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, চাদ, কোমোরোস, আইভরি কোস্ট, জিবুতি, মিসর, গ্যাবন, গিনি, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। ইন্দোনেশিয়াসহ আরও ১০টি মুসলিম দেশ এই জোটকে সমর্থন করেছে।
এসপিএ জানায়, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ বলেছেন, ইরাক, সিরিয়া, লিবিয়া, মিসর ও আফগানিস্তানে সন্ত্রাসবাদবিরোধী অভিযানে নতুন করে সমন্বয় ঘটাবে এই জোট। বর্তমানে প্রতিটি মুসলিম দেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। তাই এসব অভিযানে সমন্বয় ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। এই জোটে যোগ দেওয়ার আগে এই দেশগুলোকে কিছু পদ্ধতির মধ্য দিয়ে আসতে হবে।