মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন
সন্ত্রাসবিরোধী অভিযানের নামে অধিকার খর্ব করছে সরকার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নাগরিক ও রাজনৈতিক অধিকার খর্ব করছে সরকার।
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০১৬-এ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের গত বছরের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী আইনের অপপ্রয়োগ করছে বলে অভিযোগ থাকলেও দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইএস এবং আল-কায়েদাসংশ্লিষ্ট সংগঠনগুলো বাংলাদেশে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। সংখ্যালঘু ব্যক্তি, বিদেশি নাগরিক, শিক্ষক, মানবাধিকারকর্মী, সমকামীদের ওপর হামলা হয়েছে গত বছর। বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, জঙ্গিবিরোধী অভিযানের ফলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, চাঁদাবাজির জন্য আটক এবং অন্যান্য ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে।
তবে বিবিসি বাংলা জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল ভোলায় এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে আইএস বা আল-কায়েদার কোনো তৎপরতা নেই।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক ও বেআইনি গ্রেপ্তার, গুম, নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা, বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রমে আইনি এবং অন্যান্য বাধা, বাল্য ও জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং শ্রমিককে অধিকার থেকে বঞ্চিত করা বাংলাদেশে মানবাধিকারের প্রধান অন্তরায়।
এ ছাড়া রয়েছে রাজনৈতিক সহিংসতা, সরকারি পর্যায়ে দুর্নীতি, গণমাধ্যম ও অনলাইন বক্তব্যের ওপর নিয়ন্ত্রণ, যা মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা।
একটি মানবাধিকার সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, গত বছরের প্রথম নয় মাসে দেড় শ লোক ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে। এর মধ্যে পুলিশ ৬১ জন, র্যা ব ৩৪ জন এবং ডিবির সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে ১১ জন। এ ছাড়া ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত ৮৪ জনকে অপহরণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়দানকারী ব্যক্তিরা। অপহৃত অনেকে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘জঙ্গিবাদ নিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ব্যবস্থা নিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সফল হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিষয়টা আমরা আগেও বলেছি।’ তিনি আরও বলেন, জঙ্গিবাদ নিরোধ করতে হবে। তবে সেটা যাতে সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা
সংবাদপত্র ও মতপ্রকাশের পর কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপও এ দেশের অন্যতম মানবাধিকার সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, যেসব গণমাধ্যম প্রতিষ্ঠান সরকারের সমালোচনা করেছে, তারা সরকারের পক্ষ থেকে নেতিবাচক চাপের মধ্যে রয়েছে। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন, এমন সাংবাদিকেরা জানান, সরকারি বিজ্ঞাপন প্রত্যাহার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে।
এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিবিসি বাংলাকে বলেন, গণমাধ্যমের ওপর সংকোচন নীতির কোনো তথ্য ওই প্রতিবেদনে নেই। এটা ঢালাও মন্তব্য, দুঃখজনক মন্তব্য। তিনি আরও বলেন, অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো আইন না থাকা সত্ত্বেও সেগুলো এখনো চলতে দেওয়া হচ্ছে। তিনি আশা করছেন, আগামী মাসেই এ-সংক্রান্ত একটি আইন প্রণয়নের কাজ চূড়ান্ত হয়ে যাবে।
চার দশক ধরে যুক্তরাষ্ট্র প্রতিবছর বিশ্বের দেশগুলোর মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। কংগ্রেসে প্রণীত আইনের ফলে মার্কিন সরকারের এই প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক। এর ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য, নিরাপত্তা সহযোগিতা নির্ধারিত হয়ে থাকে। সারা বিশ্বের মানবাধিকারকর্মী, সরকারি মহল, শিক্ষা ও গবেষণায় এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে।