সন্ত্রাসবিরোধী আইন নিয়ে বিরোধী দলের অভিযোগ মিথ্যা: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিরোধী দলকে দমনের জন্য সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন করা হয়েছে বলে বিরোধী দল যে অভিযোগ করছে, তা মিথ্যা ও অপপ্রচার।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট আয়োজিত ‘সালিস-নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস করা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, হরতালে, ধর্মঘটে বা হরতালের আগের দিন গাড়িতে আগুন দেওয়া, পুলিশের ওপর আক্রমণ, গাছ উপড়ে ফেলা, সরকারি সম্পদ বিনষ্ট করাসহ বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে তোলা হয়। সমাজ ও জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে এ আইন ভূমিকা রাখবে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে করা প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের উচিত তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে তা মোকাবিলা করা। তারেক রহমানেরও তা করা উচিত। নইলে সবার ধারণা জন্মাবে, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল নন।

অনুষ্ঠানে শফিক আহমেদ আরও বলেন, প্রচলিত বিচারব্যবস্থায় আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে বেশি সময় লাগে। বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা মামলাজটের অন্যতম কারণ।