জাতীয় সংসদে পাস হওয়া সন্ত্রাসবিরোধী আইনকে ‘কালো আইন’ বলে আখ্যা দিয়েছে বিএনপি। তারা অবিলম্বে এই আইন বাতিলেরও দাবি জানিয়েছে।
গতকাল বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদসহ ছয় দফা দাবিতে এই সমাবেশ করে প্রধান বিরোধী দল।
সমাবেশে বিএনপির নেতারা বলেন, বিরোধী দল ও বিরোধী মতকে দমন করতেই সরকার সন্ত্রাসবিরোধী আইন করেছে। তাঁরা দাবি করেন, এই আইনের বিরুদ্ধে বিএনপি সংসদে অবস্থান নিয়েছিল। কিন্তু এর পরও তা পাস হওয়ায় প্রতিবাদ করতে গিয়ে তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। বিএনপির নেতারা দেশের জনগণ ও সচেতন নাগরিকদের এই আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এক মাসেরও বেশি সময় পর বিএনপি গতকাল রাজধানীতে সমাবেশ করল। গত ৪ মে শাপলা চত্বরে শেষ সমাবেশ করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সেই সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেন। এরপর আর বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হয়নি। গত ১৩ ও ১৫ মে সমাবেশের ঘোষণা দিলেও অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করে দলটি।
৩৭ দিন পর রাজধানীতে সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সীমানাপ্রাচীর ঘেঁষে উদ্যানের খোলা জায়গায় তৈরি করা হয় মঞ্চ। গতকালের সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। তবে চার সিটি করপোরেশন এলাকায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে ঢাকার বাইরে থাকায় দলটির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি ছিল কম।
গতকালের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ত্রাসবিরোধী আইন বিরোধী দল ও মতের বিরুদ্ধে ব্যবহার করবে সরকার। তিনি এই ‘কালো আইন’ বাতিলের দাবি জানান।
মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, ১৫ জুনের চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় জেনে সরকারদলীয়রা সেখানে কারচুপির চেষ্টা করছে। ছলে বলে কৌশলে সম্ভাব্য বিজয়ী প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করা হচ্ছে।
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেন, সরকার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল, যেন বিএনপি তা ভঙ্গ করে সন্ত্রাসের পথে আসে। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি। ধৈর্য ধরেছে। নিষেধাজ্ঞা দেওয়ায় সরকার আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, তাঁরা সংসদে ও রাজপথে আন্দোলন করবেন। সরকারের সংলাপের আহ্বান বিশ্বাস না করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, সংলাপের সমাধান যদি সরকার করতে না পারে, তবে চলমান সংকটের ফয়সালা রাজপথে হবে।
সমাবেশের সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, প্রয়োজনে রক্তগঙ্গা বয়ে যাবে, তবু এই সরকারের অধীনে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।