জাতীয় সংসদে পাস হওয়া সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০১৩-এর প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তারা বলেছে, এ আইন বলবৎ হলে দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক গোপনীয়তা এবং নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হবে। এতে দেশ আরও বেশি করে গোয়েন্দা-পুলিশি রাষ্ট্রে পরিণত হবে।
গতকাল বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘এ আইন গণতন্ত্র, আইনের শাসন ও মনবাধিকারের পরিপন্থী। বিএনপি, জামায়াতসহ বিরোধী দলের টুঁটি চেপে ধরার জন্যই এ আইন পাস করা হয়েছে। আমরা এই কালো আইনটি প্রত্যাখ্যান করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনের ৭, ১৮ ও ২০ ধারা রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার জন্য পাস করা হয়েছে। ১১ ও ২৩ ধারার অপব্যবহার করে সরকার যেকোনো ব্যক্তিকে শাস্তি দিতে ও নাজেহাল করতে পারবে। আর ২১ ধারার অপব্যবহার ও অপপ্রয়োগ করে সরকার কোনো ব্যক্তি বা সংগঠনকে অপদস্ত কিংবা হয়রানি করে অন্যায়ভাবে শাস্তি দিতে পারবে। ৪০ ধারায় পুলিশকে অত্যধিক ক্ষমতা দেওয়ায় বিরোধী দলকে কঠোরভাবে দমনের পাশাপাশি এ আইনের অপপ্রয়োগ করে পুলিশের আরও বেশি ঘুষ, দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে গণনির্যাতনমূলক কালো আইন বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আইনটি বলবৎ হলে দেশের প্রত্যেক নাগরিককে রাষ্ট্রীয় নজরদারির মধ্যে বসবাস করতে হবে। নাগরিক অধিকারের ব্যাপারে সংবেদনশীল ও অঙ্গীকারবদ্ধ কোনো সভ্য দেশ ও সরকার এ ধরনের আইন প্রণয়ন করতে পারে না। বিবৃতিতে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় বাদে এ আইনের আর সব ধারা বাতিলের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পৃথক বিবৃতিতে গণতান্ত্রিক বাম মোর্চা বলেছে, এ আইন সন্ত্রাসের সংজ্ঞা সম্প্রসারিত করে জনগণের গণতান্ত্রিক আন্দোলন রাষ্ট্রীয় ফ্যাসিবাদের মাধ্যমে দমন-নিপীড়ন করবে। এ ছাড়া এটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনের তথাকথিত ‘ওয়ার অন টেরর’-এর রণনীতির স্বার্থ রক্ষা করবে।
এ আইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এ আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গণসংহতি আন্দোলনের দাবি, এ আইনের ২১ ধারায় ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ চরম জনবিরোধী। এ আইন অযৌক্তিক, অগণতান্ত্রিক, বেআইনি ও অসাংবিধানিক।