সন্ত্রাসবিরোধী আইনের মামলার অনুমোদন নিয়ে বিভ্রান্তি
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ মামলার অনুমোদন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কোন মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাইতে হবে, কে চাইবেন—এ নিয়ে তদন্ত ও বিচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্পষ্ট ধারণা না থাকার কারণে বেশ কিছু মামলার বিচারকাজ ঝুলে আছে।
গত কয়েক দিন প্রথম আলোর পক্ষ থেকে একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা গতানুগতিক মামলা নয়। এসব মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের যে বাধ্যবাধকতা, তা মানা হচ্ছে না। এতে বিচার-প্রক্রিয়ায় পদ্ধতিগত জটিলতার সৃষ্টি হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, অনুমোদন না নিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে আদালতে এসব অভিযোগপত্র পাঠানোর পর। কিছু ক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে অনুমোদন চাইছেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে না চেয়ে তা চাওয়া হচ্ছে আইন মন্ত্রণালয়ের কাছে। বিষয়টি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত না হওয়ায় ওই মন্ত্রণালয় সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছে।
সন্ত্রাসবিরোধী আইনের ৪০(২) ধারায় বলা হয়েছে, ‘সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ আমলে নিতে পারবে না।’ এই অনুমোদন কীভাবে নিতে হবে, সেটি স্পষ্ট করতে গত ফেব্রুয়ারি মাসে একটি পরিপত্র জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সব জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের কাছে পাঠানোর জন্য আরেকটি পরিপত্র তৈরি করা হয়। এতে বলা হয়েছে, এ আইনের অধীনে মামলা দায়ের করার সময় মহানগরের ক্ষেত্রে পুলিশ কমিশনার এবং সব জেলার ক্ষেত্রে পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রস্তাব পাঠাবেন। জেলা ম্যাজিস্ট্রেট এরপর তা অনুমোদনের জন্য পাঠাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১১৭টি মামলার অভিযোগপত্রের অনুমোদন চেয়ে বেশ কয়েক দফায় আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কার্যালয়। অনুমোদন দেওয়া না-দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এ অনুমোদন দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের এ এখতিয়ার নেই।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার জন্য অনুমোদন দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাকে যখন জানানো হলো আমি নিজ উদ্যোগে বলেছি বিষয়টি দেখব। মামলাগুলো ত্বরিত যাতে নিষ্পন্ন হয় এবং প্রতিবন্ধকতা না থাকে, সে ব্যাপারে আমি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলেছি।’
ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত শনিবার হুবহু একই চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য গ্রহণ করা মামলাগুলো আমলে নেওয়ার জন্য সরকারের অনুমোদন প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ১১৭টি মামলার ১৯টিতে তাঁরা অনেক আগেই অনুমোদন দিয়েছেন। বাকি মামলাগুলোর অনুমোদনের জন্য চিঠি তাঁদের কাছে আসেনি। এ ছাড়া এসব মামলার অনুমোদন চেয়ে চিঠি পাঠানোর কথা জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সদর দপ্তরের। ওই কর্মকর্তার প্রশ্ন, অনুমোদন না নিয়ে পুলিশ কী করে এসব মামলার অভিযোগপত্র আদালতে পাঠাল?
ওই কর্মকর্তা জানান, বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাই তিনি নিজে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এসব মামলার নথিপত্রের বিষয়ে খোঁজ নিয়েছেন। সেখানেও কোনো নথিপত্র নেই। একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এখন ঢাকার থানাগুলোতে টেলিফোন করে পুনরায় এসব মামলার কাগজপত্র চাচ্ছেন।
জানতে চাইলে আইনজীবী শাহদীন মালিক বলেন, সমস্যাটা হলো আইনগুলো যখন পাস হয়, তখন বাস্তবায়নকারী সংস্থাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে জানানো হয় না বা প্রশিক্ষণ দেওয়া হয় না। আসলে সব চলছে অ্যাডহক ভিত্তিতে। অবহেলা আর অদক্ষতার কারণেই এসব হচ্ছে।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, প্রথম দিকে পুলিশ এ আইনে মামলা নিতে আগ্রহী ছিল না। তবে দু-তিন বছর ধরে সহিংসতার কারণে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনার পর এ আইনে মামলার অনুমোদন দেওয়া শুরু হয়। ২০০৯ সালে প্রণীত এই আইনে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী এবং দেশের বাস্তবতা মেনে কিছু বিশেষ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। সন্ত্রাসী বোমা হামলা, অবৈধভাবে বিমান আটক, জিম্মিদশা, পারমাণবিক বস্তুর ভৌত সুরক্ষা, সামুদ্রিক নৌযানের নিরাপত্তা ইত্যাদি এই আইনে আমলযোগ্য করা হয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার অনুমোদন দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের কাছে এলে আমরা অনুমোদন দিতে দেরি করি না। আর পুলিশ সরকারের নির্দেশনা অনুযায়ী মামলা ও তদন্ত পরিচালনা করবে।’