সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার অনুমোদন না নিয়ে সন্ত্রাসবিরোধী (সংশোধনী) বিল, ২০১৩-এ দুটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করায় এ নিয়ে প্রশ্ন তুলেছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-কে দেওয়া অর্থমন্ত্রীর এক চিঠিতে এই সংশোধনীকে ‘আইনের শাসনের পরিপন্থী’ বলে মন্তব্য করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনের ২১ ও ৪০ ধারায় সংশোধনী এনে এই বিলটি জাতীয় সংসদের গত অধিবেশনে পাস হয়। সংশোধিত ২১ ধারায় বলা হয়েছে, কোনো সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেসবুক, স্কাইপ, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধসংশ্লিষ্ট স্থির ও ভিডিওচিত্র অপরাধের আলামত হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে। এ বিষয়ে সাক্ষ্য আইনে যা-ই থাকুক না কেন, মামলার স্বার্থে তা আদালতে গ্রহণযোগ্য হবে।

প্রসঙ্গত, সাক্ষ্য আইনে এ ধরনের আলামত আদালতে গ্রহণযোগ্য নয়।

আর, ৪০ ধারায় কারও অপরাধ তদন্ত করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসির পূর্বানুমোদনের বিধান বাদ দিয়ে শুধু অবহিত করার বিধান আনা হয়েছে। অর্থাৎ এই আইনে কারও বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার ক্ষেত্রে পুলিশকে আর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে না।

এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত জুনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে একটি আধা সরকারি পত্র পাঠিয়েছেন। তাতে বলা হয়, ‘সন্ত্রাসবিরোধী (সংশোধনী) বিল, ২০১৩ কয়েক দিন আগে সংসদে পাস হয়েছে। অতঃপর খবরের কাগজে দেখতে পেলাম, সেখানে কতিপয় সংশোধনী সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় পেশ করে। সাধারণত মন্ত্রিসভায় অনুমোদিত কোনো আইনের বিভিন্ন ধারার বাইরে নতুন কিছু দিতে গেলে তাতে মন্ত্রিসভার সম্মতি থাকা উচিত। কিন্তু এই আইনে দেখা গেছে, ২১ ও ৪০ ধারার সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদিত হয়নি।’

অর্থমন্ত্রী আরও লেখেন, ‘আমার ধারণা, ৪০ ধারা সংশোধন করে পুলিশকে এ রকম ঢালাও ক্ষমতা দেওয়া কখনো উচিত নয় এবং এটা আইনের শাসনের পরিপন্থী। আমি জানতে চাই, এই সংশোধনী কীভাবে সাধিত হয়েছে এবং কোন পর্যায়ে এই সংশোধনী অনুমোদিত হয়েছে।’

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, তিনি ইতিমধ্যে অর্থমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন। তাতে এ বিষয়ে পুরো ব্যাখ্যা দেওয়া হয়েছে।

নথিপত্রে দেখা যায়, গত ১৮ আগস্ট অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে উপস্থাপনের পর বিলটি বিস্তারিতভাবে নিরিখ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এসব সংশোধনী চূড়ান্তভাবে গ্রহণ করা বা না করা সংসদের এখতিয়ার। যেকোনো সংসদ সদস্য এ সম্পর্কে তাঁর মতামত বা প্রস্তাব সংসদে উত্থাপন করতে পারতেন। সংসদ কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদন না হওয়ার আগে এ বিলটি অন্য পর্যায়ে চূড়ান্ত অবয়বে অনুমোদিত হয়েছে বলে বলা চলে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ জুন পুলিশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে সন্ত্রাসবিরোধী আইনের উল্লিখিত সংশোধনী আনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে। এরপর পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) বেশ কয়েকজন কর্মকর্তা ওই দিন অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গিয়ে হাজির হন। এ সময় কমিটির সভাপতি আমন্ত্রিতদের ছাড়া অন্যদের বাইরে যেতে বললেও পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত থাকেন। সভায় একজন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাবের ব্যাপারে জোর আপত্তি জানান। অবশ্য শেষ পর্যন্ত পুলিশের কর্মকর্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই সভায় আইনের ৪০(১) ও ২১ ধারায় সংশোধনী আনা হয়।

৪০(১) ধারায় আগে বলা ছিল, জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো পুলিশ কর্মকর্তা এ আইনের অধীন কোনো অপরাধের তদন্ত করতে পারবেন না। সংশোধনীতে এ বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে পুলিশকে লাগামহীন ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, এতে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

এ ছাড়া আইনের ২১ ধারা সংশোধন করে বলা হয়েছে, ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট আলাপ-আলোচনা এবং স্থির ও ভিডিওচিত্র অপরাধের আলামত হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক মনে করেন, ইন্টারনেটের মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট কথাবার্তা, ছবি ও ভিডিও আদালতের জন্য আমলযোগ্য সাক্ষ্য-প্রমাণ হওয়াটা দোষের নয়। কিন্তু তার আগে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেসব কথাবার্তা, ছবি ও ভিডিও সংগ্রহ করতে হবে এবং সেটা সংগ্রহ করা হবে অন্যায়ভাবে। কারণ, সংবিধানের মৌলিক অধ্যায়ের মাধ্যমে ব্যক্তির গোপনীয়তাকে সুরক্ষা দেওয়া আছে। সেই দৃষ্টিকাণ থেকে এ আইনের ২১ ধারা নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী।