সন্ত্রাসবিরোধী বিল সংসদে পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন তদন্তে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর বিধান রেখে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১২ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুুন গতকাল মঙ্গলবার বিলটি উত্থাপন করেন। পরে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।এই বিলে ব্যাংকের বাইরে অন্যান্য আর্থিক সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করার দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি ২০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০০৯ সালের আইনে সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডের বিধান ছিল।বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কার্যক্রমের ধরন ও প্রকৃতি পরিবর্তনের কারণে বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রমে অর্থ জোগানের অপরাধ বর্তমান সন্ত্রাসবিরোধী আইনে সুস্পষ্ট বর্ণনা না থাকায় আইনটি এ ধরনের অপরাধ নিরসনে যথেষ্ট নয়। তিনি বলেন, বর্তমান আইনে শুধু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে উল্লেখ থাকলেও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যম সম্পর্কে কিছু উল্লেখ নেই। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যাংকিং চ্যানেল ছাড়াও অর্থ লেনদেন কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থাকে অন্তর্ভুক্তকরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পদ বা অর্থ ব্যবহার নিরুৎসাহিত করা ও কার্যকর প্রতিরোধের উদ্দেশ্যে আইনটি সংশোধন করা প্রয়োজন। বিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহূত অস্ত্রের মধ্যে পারমাণবিক, রাসায়নিক ও জীবাণু অস্ত্রও অন্তর্ভুক্ত করা হয়েছে।এ আইনের ফলে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট চাহিদা অনুযায়ী বা ক্ষেত্রমতো, স্বপ্রণোদিতভাবে সন্ত্রাসী কার্য বা সন্ত্রাসী কার্যে অর্থায়ন-সম্পৃক্ত তথ্য অন্য দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটকে সরবরাহ করতে পারবে।বিলের ৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক, অপহরণ করলে বা এ কাজে সহায়তা করলে বা রাষ্ট্রের কোনো সম্পত্তির ক্ষতি করলে তিনি সন্ত্রাসী কাজ করেছেন বলে গণ্য হবে। ৫(ঘ) ধারায় বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে এ আইনের আওতায় অপরাধ করলে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে গণ্য করা হবে।এ-সংক্রান্ত ২০০৯ সালের আইনটি সংশোধন করে দ্রুত বাস্তবায়নের জন্য গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করেন। বিধান অনুযায়ী অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম অধিবেশনে তা উত্থাপন করতে হয়।