সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে আছে ওআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থার মহাসচিব আইয়াদ আমিন মাদানি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে টেলিফোনে এ কথা জানান।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যায় ওআইসি মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় শোক ও সমবেদনা জানান।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় ওআইসি মহাসচিব সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশকে সংস্থাটির সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বাংলাদেশের মানুষ ও সরকারকে সমবেদনা জানাতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ওআইসির প্রধান। ঈদের কারণে আসতে না পারায় শিগগিরই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে চান তিনি।
এদিকে আলাদা এক বিবৃতিতে নিরস্ত্র ও নিরপরাধ মানুষ হত্যার নিন্দা জানিয়েছে সংস্থাটি। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওআইসির কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন ওআইসি মহাসচিব।
বিবৃতিতে ওআইসি মহাসচিব গুলশানের মতো মানবতাবিরোধী ঘটনা ঠেকাতে সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে উগ্রবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ বোঝা ও তা মোকাবিলার ওপর জোর দেন তিনি।