সন্ত্রাসমুক্ত করার প্রত্যয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা। তাঁরা বলেন, কিছু ছাত্র সংগঠনের কারণে ক্যাম্পাসে হানাহানির ঘটনা ঘটেই চলেছে। এ সমস্যা দূর করতে না পারলে দেশের ও ক্যাম্পাসের অন্যান্য সমস্যারও সমাধান হবে না।
গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রাধ্যক্ষরা নিজ হলের পতাকা উত্তোলন করেন। তারপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর একটি শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এই বিশ্ববিদ্যালয়।’ তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের প্রধান সমস্যা ছিল জনসংখ্যা। এখন সেই জনসংখ্যা সম্পদে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তিনির্ভর স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়। এ ছাড়া বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি স্লাইড শো অনুষ্ঠিত হয়।