নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল্লা-আল-ফারুক। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লা-আল-ফারুক অভিযোগ করেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে অশ্বদিয়া ইউনিয়নে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী গোলাম হোসেনের লোকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়ে আসছে। গত ২২ মে স্থানীয় ইতালি মার্কেটে ধানের শীষের প্রচারকাজে নিয়োজিত কর্মীদের মারধর করা হয়। একই দিন পোস্টার লাগাতে গেলে তাঁর আটজন কর্মী হামলার শিকার হন এবং পোস্টারও আগুনে পোড়ানো হয়। ৩১ মে আলীপুর ডলার মার্কেটে ধানের শীষের একটি নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়। এসব ঘটনার জন্য আওয়ামী লীগের প্রার্থীর লোকজন দায়ী বলে তিনি অভিযোগ করেন।
তবে বিএনপি প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম হোসেন। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনী মাঠে জনপ্রিয়তা না থাকায় দিশেহারা হয়ে বিএনপির প্রার্থী এখন অপপ্রচারে নেমেছেন।
গতকালের সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধর ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো অভিযোগের তদন্ত কিংবা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন শেখ বলেন, বিএনপি প্রার্থীর একাধিক অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশই বিষয়টি দেখছে।