সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের সহায়তা চাইল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে রাজনৈতিক সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মতবিনিময় সভায় এ সহায়তা চাওয়া হয়।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপাচার্য সুশান্ত কুমার দাস ও সিন্ডিকেট সদস্য বিজিত চৌধুরী বক্তব্য দেন।
উপাচার্য পুলিশ প্রশাসনকে জানান, সিলেটে নিজস্ব জমিতে স্থাপিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শুরু থেকেই এটি রাজনীতিমুক্ত। উপাচার্য বলেন, শিক্ষাদীক্ষা ও গবেষণাকাজে ঈর্ষণীয় এ শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক ঘটনায় সবাই মর্মাহত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে নিহত শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন।
সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এম রুকন উদ্দিন বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের যেকোনো ব্যবস্থা গ্রহণে পুলিশ সহায়তা দেবে। স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখার আশ্বাস দেন পুলিশের কর্মকর্তা।
মতবিনিময় সভায় মহানগর পুলিশের উপকমিশনার ফয়ছল মাহমুদ, সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমানকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের আরেক পক্ষ।