সন্ত্রাসী ও ইয়াবা খাওয়া লোকজন দলে টানা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবাজি বন্ধ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খারাপ লোকদের দলে টানা যাবে না। সন্ত্রাসীদের সদস্য করা যাবে না। সাম্প্রদায়িক লোকদের দলে টানা যাবে না। ইয়াবা খাওয়া লোকজনকে সদস্য করা যাবে না।’

বরিশালে দলের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগর ভবনের সামনের সড়কে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আরেকবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের পর দুর্বার আন্দোলন করবেন বলেছিলেন। ঈদ গেল, মাস গেল, আন্দোলনের খবর নেই। আন্দোলন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে গেছে। তিনি চিকিৎসার নামে লন্ডনে বসে শেখ হাসিনার সরকার হটানোর জন্য পাকিস্তানিদের সঙ্গে চক্রান্ত করছেন। ষড়যন্ত্র করে জনগণের সরকার, শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যাবে না।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।