সন্ত্রাসী ও জঙ্গিবাদে অর্থায়নের পথ বন্ধ করতে হবে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে এ ধরনের কর্মকাণ্ডে অর্থায়নের পথ বন্ধ করতে হবে। জনগণকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতেই সন্ত্রাসবাদে অর্থের জোগান ও মুদ্রা পাচারের মতো অপরাধ বন্ধ করা প্রয়োজন।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার শুরু হওয়া মুদ্রা পাচার ও জঙ্গিবাদে অর্থায়ন বিষয়ে তিন দিনব্যাপী সার্ক রিজিওনাল জুডিশিয়াল কনফারেন্সে এমন কথা বলেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
সার্কভুক্ত দেশগুলোর বিচারক ও বিচারিক কর্মকর্তাদের নিয়ে এ সম্মেলন আয়োজনে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম ব্যুরো এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বৈদেশিক বিচারিক দপ্তর।
সম্মেলনের প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে আমরা অর্থ পাচারবিরোধী আইন করেছি। এ বছর আমরা সন্ত্রাসবিরোধী আইন করেছি। এসব আইন অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসের শ্বাসরোধ, তাদের অর্থের জোগান বন্ধ করার মতো কঠিন কাজটি বিচারকদের করতে হবে। জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এটা করা প্রয়োজন। এ কাজ সহজ নয়, ঝুঁকিমুক্তও নয়।’
রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অপরাধ এবং অর্থ পাচার সামনে রেখে সংসদকে আন্তর্জাতিক মান বজায় রেখে শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। অর্থ পাচারকারীদের আইনের মুখোমুখি করতে শক্তিশালী আইন প্রণয়নে এ দেশে বাংলাদেশ ও আমেরিকা পরস্পরের সহযোগী হয়েছে। অর্থ পাচার বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগকে প্রয়োজনীয় উপায়-উপকরণ সংসদকে সরবরাহ করতে হবে।
অর্থ পাচার ও সন্ত্রাস যেন রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের আইনমন্ত্রী: উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তালেবানি ঘরানার প্রশিক্ষণ নিয়ে কোনো কোনো সংগঠন ধর্মভিত্তিক রাজনীতি করতে চাচ্ছে। এসব কার্যক্রম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই এমন কাজ করা হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, ‘যেসব সংগঠন ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছে, সেসব সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।’
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানেই বলা আছে, নির্বাচনের সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার করার কথা। ’৭২-এর সংবিধানেই তা আছে। বিনা কারণে তর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তবে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর সুযোগ রয়েছে।’
অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা নির্ভর করছে আলোচনার ওপর। এখন বলা ঠিক হবে না। গ্রহণযোগ্যভাবে সবাই আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, সেটা সবার গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এ জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই। কেবল এটা নয়, যেকোনো সমস্যাই আলোচনার ভিত্তিতে সমাধান করা যায়।’