সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

বিএনপি-জামায়াতের চিন্তা-চেতনাকে মধ্যযুগীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আগামীকাল তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আওয়ামী লীগ তাদের শক্ত হাতে প্রতিহত করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার ক্ষমা করার ঘোষণাকে ‘অপমানজনক’ উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার কাছে কে ক্ষমা চাইতে গিয়েছে যে আপনি ক্ষমা করেছেন! আপনি ও আপনার পরিবার ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, আগামীকাল জামায়াত-শিবির বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে বলে খবর আছে। আজ ও গতকাল দেশের বিভিন্ন জায়গায় তাদের নাশকতার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল সকাল থেকেই অতন্দ্রপ্রহরীর মতো আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে রাজপথে থাকতে হবে।
নানক বলেন, আগামীকাল জুমার নামাজের পর দেশকে যেন তারা রক্তাক্ত আফগানিস্তানে পরিণত করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ঢাকা মহানগরের পাড়া-মহল্লায় অপরিচিত সন্দেহভাজন কাউকে দেখলে তাঁকে পুুলিশের হাতে সোপর্দ করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি-জামায়াতের নাশকতা রুখে দিতে হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ কামাল আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।