সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মামলা নিষ্পত্তির উদ্যোগ
সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছে পুলিশ। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বৈঠকে পুলিশের মহাপরিদর্শক দ্রুত অভিযোগপত্র দেওয়া ও সাক্ষীদের হাজির করার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। তা ছাড়া কোন মামলা
কী অবস্থায় আছে এবং দ্রুত নিষ্পত্তির জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানায়, সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এই আইনে দায়ের হওয়া মামলার সংখ্যা ৭৮টি। অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছায় অর্থ, সেবা ও সম্পত্তি সরবরাহ করেছেন বা গ্রহণ করেছেন। তারপর তা সন্ত্রাসী কাজে লাগিয়েছেন। গতকাল আলাদা আলাদাভাবে ২০টি মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হলেও, এই আলোচনা অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত হয়। ওই সব মামলার নিষ্পত্তি করতে কী কী করতে হবে সে সম্পর্কেও তদন্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।
গতকাল যে ২০টি মামলা নিয়ে আলোচনা হয়, তার ৯টিই ঢাকা মহানগর পুলিশের অধীনে। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ওই ২০টি মামলার সাতটিতে অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ আছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মহিবুল ইসলাম খান বলেন, জঙ্গিদের অর্থায়নের কাজটি বিভিন্নভাবে হয়েছে। কেউ ব্যক্তিগত অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডে লাগিয়েছেন, কেউ অর্থ সংগ্রহ করেছেন। জঙ্গিরা ডাকাতি করেও সংগঠন চালানোর টাকা উঠিয়েছে। সব ধরনের অপরাধের জন্যই মামলা দায়ের করা হয়।
তালিকায় থাকা ৭৮টি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বিদেশি কেউ আছেন কি না, সে সম্পর্কে জানা যায়নি। এর আগে পুলিশ সূত্র জানায়, গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার অর্থ মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে আসে। বাশারুজ্জামান চকলেট নাম এক ব্যক্তি ওই অর্থ গ্রহণ করেন। বাশারুজ্জামান এখন পলাতক। এর বাইরে আরও বেশ কয়েকজন অর্থদাতাকে শনাক্ত করে পুলিশ। তাঁদের একজন শিশু বিশেষজ্ঞ রোকনুদ্দীন খন্দকার। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয়ের জন্য ৮০ লাখ টাকা দেন। রোকনুদ্দীন সপরিবার এখন আইএস অধ্যুষিত এলাকায় আছেন বলে জানা গেছে। পুলিশি অভিযানে নিহত মেজর (অব) জাহিদুল ইসলাম অবসর গ্রহণের পর যে অর্থ পান, তার পুরোটা এবং তানভীর কাদেরী উত্তরায় ফ্ল্যাট বিক্রির টাকা জঙ্গি অর্থায়নে ব্যবহার করেন।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে পুরান ঢাকার একজন ব্যবসায়ীর তথ্য আছে। তিনি বাড়ি বিক্রির দেড় কোটি টাকা জঙ্গিদের পেছনে খরচ করেছেন। এমন বিপুল অঙ্কের টাকা যেমন জঙ্গিদের পেছনে ব্যয় হচ্ছে, তেমনি মিরপুরে সংগঠনের কাজে জনপ্রতি ১০ টাকা করে চাঁদা তোলারও নজির আছে।