সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা, জড়িতদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ মনে করে টানা তিন দিনের হরতালে দেশব্যাপী মানুষ হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিপুল সম্পদের ক্ষতি করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এর নিন্দা জানিয়ে মঞ্চের নেতারা বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা এই হরতালে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গতকাল মঙ্গলবার বিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী এবং সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার এক যুক্ত বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন জামাত-শিবির আর তাদের নব্য দোসর হেফাজতে ইসলাম বিএনপির কাঁধে ভর করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী মামলার বাদী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের বাড়িতে আক্রমণ করেছে। মন্ত্রী, সাংসদ, বিশিষ্টজন, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম কিবরিয়া টিপু ও আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজের বাড়ির সামনে চোরাগোপ্তা হামলা ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। কোথাও কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও হামলা চালিয়ে সাম্প্রদায়ি-কতা উসকে দেওয়ারও চেষ্টা করে।
বিবৃতিতে মঞ্চের নেতারা অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান। বিজ্ঞপ্তি।