সন্ত্রাসী কাজে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থান ও ‘জিরো টলারেন্স নীতির’ বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেছেন, কোনো দেশের বিরুদ্ধে বিদ্রোহী কর্মকাণ্ড চালানোর জন্য বাংলাদেশের মাটি কাউকে ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার সকালে সাক্ষাৎ করেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ, পল্লি ও নগর উন্নয়ন, পরিবহন মন্ত্রী মানিক দে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে কোনো ধরনের বিদ্রোহ বরদাশত করব না। আমরা এ অঞ্চলে একটি শান্তিপূর্ণ পরিবেশ চাই।’
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন, ত্রিপুরা থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা শুল্ক ও অন্যান্য বিষয় চূড়ান্ত করেছেন বলে জানতে পেরে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, উভয় পক্ষ বিদ্যুৎ সরবরাহ শুরু করার জন্য যত শিগগির সম্ভব বিদ্যুৎ ক্রয় ও সরবরাহ সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন যে, বাংলাদেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের জন্য আরও বিদ্যুৎ লাগবে।
দুটি দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তির পর ছিটমহলগুলো বিনিময়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে এই ইস্যুটির মীমাংসা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান এবং তাঁর সরকার দেশে আরও শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিয়েছে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তে বেশ কিছু সীমান্ত হাট স্থাপনের কথা উল্লেখ করে বলেন, এই ধরনের পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৫ সালের যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার রেলপথগুলো বাংলাদেশ পুনরায় খুলে দিতে চায়। তাঁর সরকার রেল যোগাযোগ আরও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রেলপথে ডুয়েল গজ রেললাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সম্ভাবনার উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য জোরদার করার লক্ষ্যে ভারত এই বন্দর ব্যবহার করতে পারে।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত ও তাদের জনগণের মূল্যবান অবদানের কথা স্মরণ করেন এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, সরকার ও জনগণ এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রিপুরার মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বাসস