আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, সব ধরনের জঙ্গিবাদ, নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ও হুকুমদাতা লোকজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ হাজেরা বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর থাকায় দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দেশের জনগণ ও দেশে অবস্থানরত বিদেশি নাগরিকেরা সুষ্ঠুভাবে ব্যবসা-বাণিজ্যসহ তাঁদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি আরও বলেন, এর আগে জঙ্গিবাদী, সন্ত্রাসী, নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন লোকজনের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জঙ্গিবাদী, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তাদের অর্থের জোগানদাতা ও অর্থের উত্স সন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি দলের সাংসদ আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থাপিত তথ্যে দেখা গেছে, গত ১০ বছরে সীমান্তে মোট ৫৯১ জন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে বিএসএফের হাতে ৪৯৩ জন ও ভারতীয় নাগরিকদের হাতে ৯৮ জন নিহত হন।