রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শারিফুল মৃধা (৩৪)। তিনি পাট্টা ইউনিয়নের মধ্যপাট্টা গ্রামের বাসিন্দা। রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নাদুরিয়া ঘাট এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে শারিফুলকে আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পাট্টার পালনবাঁশ আধারকোটা সেতুর নিচ থেকে দুটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। শারিফুলের বিরুদ্ধে পাংশা থানায় দুটি ও কালুখালী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। পাংশা থানার ওসি এস এম শাহজালাল জানান, গতকাল দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর সড়ক
ছয়টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ
সত্যজিৎ ঘোষ, শরীয়তপুর
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ছয়টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ। ওই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে। যেকোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও গাড়িচালকেরা।
ইতিমধ্যে ১০ টনের বেশি ভারী গাড়ি ওই সেতুগুলোতে না ওঠার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজ বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার খোয়াজপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি ৪০ কিলোমিটার দীর্ঘ। এ সড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। ২০০১ সাল থেকে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
এ সড়কের বালার বাজার, গাজিপুর, সাজনপুর, জাজিহার, বুড়িরহাট ও পাপরাইলে ছয়টি বেইলি সেতু রয়েছে। সেতুগুলো ২৫-৩০ বছর আগের তৈরি। সেতুগুলো যখন নির্মাণ করা হয়েছে, তখন এখান দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করত না। ১৬ বছর যাবৎ এ সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। ভারী যানবাহন চলতে চলতে সেতুগুলো দুর্বল হয়ে পড়েছে। সেতুগুলো পুরোনো হয়ে যাওয়ায় স্টিলের পাত ভেঙে গেছে। অনেক স্থানে পাটাতন ভেঙে গেছে। স্থানীয় সড়ক বিভাগ মেরামত করে সেতুগুলো চালু রেখেছে।
গত ২৮ অক্টোবর শরীয়তপুর-চাঁদপুর সড়কের বালার বাজার এলাকার সেতুতে রডবোঝাই একটি ট্রাক উঠলে সেতুটির একটি অংশ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। তখন ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই বেইলি সেতুটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করতে এক মাস সময় লেগেছে।
এ সড়ক দিয়ে মোংলা বন্দর, বেনাপোল ও চট্টগ্রামের যে পণ্যবাহী ট্রাকগুলো চলাচল করে, সেগুলোতে ৩০ থেকে ৩৫ টন পণ্য বোঝাই করা হয়। অথচ বর্তমানে ওই সেতুগুলোর ১০ থেকে ১২ টন ওজন বহন করার সক্ষমতা রয়েছে। ঝুঁকি নিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকগুলো ওই সব সেতু দিয়ে চলাচল করছে।
বেনাপোল থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক রতন ব্যাপারী বলেন, ‘শরীয়তপুরের ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতেই আমাদের ভয় লাগে। ছয়টি বেইলি সেতু পার হওয়ার সময় আতঙ্কে থাকি। যেকোনো সময় সেতুগুলোতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
বরগুনা থেকে চট্টগ্রামগামী বাসের চালক সিরাজুল ইসলাম বলেন, ‘সেতুতে উঠলেই ভয় লাগে। সেতুগুলো পার হওয়ার সময় দোয়া-দরুদ পড়তে থাকি।’
ওই বাসের যাত্রী লিংকন হোসেন বলেন, ‘সহজ হওয়ায় এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করি। কিন্তু সব সময় আতঙ্কে থাকি। ১০ টনের বেশি পণ্যবোঝাই গাড়ি সেতুতে উঠতে নিষেধ করে সাইনবোর্ড ঝোলানো হয়েছে, অথচ ৩০ টনের বেশি পণ্য বোঝাই করে ট্রাক চলাচল করছে। কেউ বাধা দিচ্ছে না।’
শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, এ সড়কের বেইলি সেতুগুলো অনেক পুরোনো। এ কারণে দুর্বল হয়ে পড়েছে। সেতুগুলো ভেঙে নতুন সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
বরিশালের সরকারি মাধ্যমিক বিদ্যালয়
২০টির মধ্যে ১০টিতেই প্রধান শিক্ষক নেই
এম জসীম উদ্দীন, বরিশাল
বরিশাল বিভাগের ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষকের ৩২টি পদের সবগুলো শূন্য। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।
বরিশাল বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ অঞ্চলে ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষকের জন্য মঞ্জুরিকৃত ৩২টি পদ থাকলেও সবগুলো শূন্য রয়েছে। সহকারী শিক্ষকদের ৬৯৩ পদের মধ্যে কর্মরত আছেন ৪৯৬ জন। ১৯৭টি পদ শূন্য।
প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলো হলো পটুয়াখালী সরকারি জুবলী উচ্চবিদ্যালয়, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়, পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চবিদ্যালয়, ভান্ডারিয়া উপজেলার বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দৌলতখান উপজেলার সরকারি উচ্চবিদ্যালয় ও দৌলতখান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
২০টি বিদ্যালয়ের মধ্যে সাতটি বিদ্যালয়ে দুটি করে সহকারী প্রধান শিক্ষকের পদ রয়েছে। বাকি আটটিতে একটি করে পদ রয়েছে। কিন্তু এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, ‘১৯৯১ সালে যোগদান করেছি। ২৫ বছর পার হলেও আজ পর্যন্ত পদোন্নতি পাইনি।’ তিনি বলেন, নিয়ম হলো চাকরির বয়স ১২ বছর হলে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হবেন। আর সহকারী প্রধান শিক্ষক পদে তিন বছর চাকরির পর প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন। পদোন্নতি না হওয়ায় বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট চরমে পৌঁছেছে। ফলে এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের পড়াশোনার ওপর।
২০১৫ সাল থেকে বরিশাল নগরীর কাউনিয়া ও রূপাতলী এলাকায় নতুন দুটি সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। যেখানে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষকদের এনে সংযুক্তি করে জিলা স্কুলের বর্ধিত ক্যাম্পাসে এর পড়াশোনা চলছে।
রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন সংযুক্ত হয়েছেন বরিশাল জিলা স্কুল থেকে। তিনি বলেন, তাঁর বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৫৬ জন শিক্ষার্থী আছে। বরিশাল, বরগুনাসহ বিভাগের বিভিন্ন জেলার সরকারি বিদ্যালয় থেকে শিক্ষক সংযুক্ত করে পড়াশোনা করাচ্ছেন।
বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র আরও জানায়, শুধু বরিশালের জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষকের কোনো পদ খালি নেই। এদিকে, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ১২ জনের মধ্যে চারজন শিক্ষক, পিরোজপুর জেলার কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৫ জনের মধ্যে সাতজন, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি উচ্চবিদ্যালয়ে ১৬ জনের মধ্যে সাতজন সহকারী শিক্ষক আছেন।
বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, তাঁদের বিদ্যালয়ে শিক্ষকের ৫২টি পদ থাকলেও আছেন মাত্র ২৬ জন। ইংরেজি বিষয়ে প্রভাতি ও দিবা দুই পালায় আটজন শিক্ষক থাকার কথা থাকলেও মাত্র দুজন আছেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক সমস্যা হচ্ছে। পরীক্ষার ফলাফলেও বিরূপ প্রভাব পড়ছে।
বরিশাল নগরের একজন অভিভাবক কাকলী আক্তার। তিনি বলেন, শিক্ষকসংকটের কারণে বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা হয় না। এ জন্য সন্তানদের কোচিং সেন্টারে নিয়ে যেতে হয়। তাঁদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হয়।
বরিশাল আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখন সহকারী শিক্ষক নিয়োগ হবে। ইতিমধ্যে নিয়োগবিধি সচিব কমিটিতে পাস হয়েছে। প্রাথমিক ও মাদ্রাসার মতো তাঁদের জন্য আলাদা অধিদপ্তর থাকলে শিক্ষক নিয়োগ, পদোন্নতির বিষয়গুলো সহজে সমাধান করা যেত। শিক্ষানীতির ঘোষণা অনুযায়ী অধিদপ্তরের বিষয়টি কার্যকর করা হলে মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় আরও গতি আসবে।
ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ
ওই ছাত্রীর নাম নূপুর আক্তার। সে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. শাহজাহানের একমাত্র মেয়ে
ভোলা সদর হাসপাতালে হামলা, ভাঙচুর
ভোলা প্রতিনিধি
ভোলা সদর হাসপাতালে গত মঙ্গলবার রাতে হামলা চালিয়ে দরজা-জানালাসহ আসবাব ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ডায়রিয়াজনিত কারণে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।
ওই ছাত্রীর নাম নূপুর আক্তার (১৩)। সে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. শাহজাহানের একমাত্র মেয়ে। সে ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়েছিল।
থানা-পুলিশ সূত্র জানায়, মেয়েটিকে গত মঙ্গলবার বিকেলে ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়। এরপরই গ্রামবাসী হাসপাতালে হামলা করে ২০টি জানালা-দরজাসহ আসবাব ভাঙচুর করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মেয়েটির পরিবার কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
নূপুরের মা রুনা বেগম বলেন, মঙ্গলবার দুপুরে ফেলে রাখা চালতা ফল খাওয়ার পর নূপুর অসুস্থ হয়। এরপর তাকে পুকুরে গোসল করানো হয়। এরপর তার বমি ও ডায়রিয়া দেখা দেয়। অবস্থা গুরুতর হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা কর্মকর্তা আয়েশা সুমাইয়া তাকে চিকিৎসা দেন। চিকিৎসক প্রথমে তাকে স্যালাইন দেন। এতেও উন্নতি না হলে ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মেয়ে মারা যায়।
মো. শাহজাহান ও রুনা বেগম বলেন, ভুল চিকিৎসার কারণে নূপুরের মৃত্যু হয়েছে। হাসপাতালের লোকজন ভয়ে ওই ইনজেকশনের বাক্সটি লুকিয়ে ফেলেছেন; সম্ভবত ওগুলোর মেয়াদ ছিল না। ইনজেকশন দেওয়ার পরই নূপুরের নাক-মুখ থেকে লালা বের হচ্ছিল। চিকিৎসক এসে বলেন, নূপুর ব্রেইন স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) মারা গেছে। এর সুষ্ঠু বিচার চাই।
জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার বলেন, চিকিৎসক ভুল চিকিৎসা দেননি। ওই ইনজেকশনের মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত ছিল। এ ঘটনা তদন্তে হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সামি আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। তদন্ত রিপোর্টে দেখা গেছে, মেয়েটির অবস্থা সংকটাপন্ন ছিল। ওই অবস্থায় রোগী সাধারণত টেকে না।
পাঁচ বছরেও শেষ হয়নি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে পাঁচ বছরেও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্য নির্মাণের কাজ শেষ হয়নি। ২০১৪ সাল থেকে কাজটি বন্ধ রয়েছে। ইতিমধ্যে কাজের নির্ধারিত সময়ও শেষ হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের সঙ্গে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল গোয়ালন্দ মোড়ে ভাস্কর্যটি নির্মাণের জন্য বেদি তৈরি করা হয়েছে। বেদির ওপর ভাস্কর্য নেই। সেখানে বিলবোর্ড টাঙানো হয়েছে। বেদির গায়ে কয়েকটি স্থানে পোস্টার রয়েছে।
কাজটির দায়িত্বপ্রাপ্ত ভাস্কর্যশিল্পী গোলাম আলী জানান, ২০১১ সালের শুরুর দিকে স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীর উদ্যোগে ভাস্কর্যটির নির্মাণ শুরু হয়। দুই বছরের মধ্যে ভাস্কর্যের বেদিসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়। সে সময় কাজের ব্যয় হিসাবে সাংসদ তাঁকে ছয়-সাত লাখ টাকা দেন। মূল বেদির ওপর একজন ছাত্র, একজন নারী ও একজন কৃষক মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণের কথা ছিল। পরে আরেকটি প্রতিকৃতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার আহলাদিপুর এলাকায় গোয়ালন্দ মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের নামে ২০১৪ সালের ১৯ মার্চ দরপত্র আহ্বান করা হয়। মেসার্স শিকদার এন্টারপ্রাইজের নামে আট লাখ টাকা মূল্যের কাজটির দায়িত্ব দেওয়া হয়। এরপর আর কাজ হয়নি।
শিল্পী গোলাম আলী বলেন, ‘আমার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান নেই। তাই সুজন শিকদার নামের একজন ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে নিই। টাকা না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি।’
জমি নিয়ে বিরোধে গৃহবধূকে অ্যাসিড ছোড়ার অভিযোগ
শরীয়তপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার আরুয়াকান্দি গ্রামে শিলা মল্লিক (৩৩) নামের এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনেরা।
গৃহবধূর পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, অ্যাসিড নিক্ষেপের শিকার নারী হলেন উপজেলার কদম বাড়ি ইউনিয়নের আরুয়া গ্রামের ভূপেন্দ্র নাথ মল্লিকের স্ত্রী শিলা মল্লিক। গত মঙ্গলবার রাতে তিনি বাড়ির রান্নাঘরে পিঠা বানাচ্ছিলেন। পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা রান্নাঘরের বাইরে থেকে তাঁর ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। অ্যাসিডে তাঁর বাঁ হাত ঝলসে গেছে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ মুঠোফোনে প্রথম আলোকে অভিযোগ করেন, প্রতিবেশী প্রণব মল্লিক, উত্তম মল্লিক ও ধন্য মল্লিক জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করেছেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও এ তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী হাবীব বলেন, গৃহবধূর বাঁ হাত ও বাহু ঝলসে গেছে। প্রাথমিকভাবে এটা অ্যাসিডে পোড়া বলে মনে হচ্ছে।
কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেকে মারধরের অভিযোগ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সখিনা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে সাগর মোহনাসংলগ্ন পায়রা নদীতে গত মঙ্গলবার দুপুরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তি হলেন এফবি স্বাধীন নামে মাছ ধরা ট্রলারের মাঝি জাফর হোসেন (২৩)। তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামে। তাঁকে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাফরের উদ্ধৃতি দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর থেকে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছিল ট্রলারটি। দুপুরে পায়রা নদীতে ট্রলারটি থামিয়ে জাটকা রাখার অভিযোগে তল্লাশি চালান নিদ্রা সখিনা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা। ওই সদস্যরা জাটকা না পেয়ে দুই শতাধিক ইলিশ মাছ নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমানের কাছে সমিতির তরফে মুঠোফোনে মৌখিক অভিযোগ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ট্রলারের মাঝি জাফর হোসেনকে বেধড়ক লাঠিপেটা করেন নিদ্রা সখিনা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার হাফিজুর রহমান। পরে তাঁকে সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানতে চাইলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনোয়ার উল্যাহ বলেন, জাফরের দুই হাতে রক্ত জমাট বেঁধে গেছে।
মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম আকন বলেন, ‘এ ঘটনা নিয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডারের সঙ্গে আমাদের মঙ্গলবার রাতে বৈঠক হয়েছে। তিনি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, লাইসেন্সবিহীন ট্রলারটিকে থামতে বলা হলেও এটি দ্রুত চলে যাচ্ছিল। তাই তাঁকে (জাফর) লাঠি দিয়ে দুটি আঘাত করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসানুর রহমান আরও বলেন, সন্দেহভাজন হিসেবে ট্রলারটিতে তল্লাশির সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সামান্য মারধরের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে গবেষণার সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
ফরিদপুর অফিস
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ভালদোস্টা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি সই হয়েছে। গতকাল বুধবার গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ওই চুক্তির ফলে ভালদোস্টা স্টেট ইউনিভার্সিটির বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা, পড়ালেখা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন মেয়াদে গবেষণার সুযোগ পাবেন।
গতকাল বিকেলে দ্য বোর্ড অব রিজেন্টস অব দ্য ইউনিভার্সিটি সিস্টেম অব জর্জিয়া ভালদোস্টা ইউনিভার্সিটির পক্ষে মিজানুর রহমান মিয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন চুক্তিতে সই করেন।
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, এ চুক্তির ফলে গবেষণা, পড়ালেখা ও সাংস্কৃতিক বিনিময় ছাড়াও উভয় প্রতিষ্ঠান গবেষণা, সেমিনার, কর্মশালা আয়োজন করতে পারবে।
সংক্ষেপ
পুনর্বহালের দাবি
জাতীয়করণের তালিকায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল মতিন বলেন, ‘জাতীয়করণের তালিকায় ২৮৭টি কলেজের মধ্যে বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের নাম ছিল ৫৫ নম্বরে। ২৪ ডিসেম্বর হঠাৎ করে আমরা জানতে পারলাম, ওই তালিকা থেকে মহাবিদ্যালয়ের নামটি বাদ দেওয়া হয়েছে। গ্রামীণ শিক্ষার মান উন্নয়নে বাঘারপাড়া মহাবিদ্যালয়টি জাতীয়করণ হওয়া অত্যন্ত জরুরি। যে কারণে মহাবিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় পুনর্বহালের দাবি জানাচ্ছি।’ সম্মেলনে বক্তব্য দেন উপাধ্যক্ষ জাকির হোসেন, সহকারী অধ্যাপক সুকুমার দাস প্রমুখ। যশোর অফিস
সন্ত্রাসী গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শারিফুল মৃধা (৩৪)। তিনি পাট্টা ইউনিয়নের মধ্যপাট্টা গ্রামের বাসিন্দা। রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নাদুরিয়া ঘাট এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে শারিফুলকে আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পাট্টার পালনবাঁশ আধারকোটা সেতুর নিচ থেকে দুটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। শারিফুলের বিরুদ্ধে পাংশা থানায় দুটি ও কালুখালী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। পাংশা থানার ওসি এস এম শাহজালাল জানান, গতকাল দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি