সন্ত্রাসী চেনি কামালসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের ত্রাস ও থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন ওরফে চেনি কামালকে (৩০) অপর দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারের পাশের একটি আস্তানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কামালের অপর দুই সহযোগী হলেন নাছির উদ্দিন ওরফে নাসু (২৮) ও জাকির হোসেন (২৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চেনি কামাল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। অন্য দুজনও চিহ্নিত সন্ত্রাসী। এঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। আজ রোববার আদালতে পাঠানো হবে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বলেন, দুপুরে গোপন সংবাদে তাঁরা জানতে পারেন সন্ত্রাসী চেনি কামাল অপর দুই সহযোগীকে নিয়ে বাংলাবাজারের পাশের একটি আস্তানায় বসে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। যার ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে ঝটিকা অভিযান চালিয়ে চেনি কামালকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে।