সন্ত্রাসী-টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মত প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় খোদ আওয়ামী লীগের নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী সন্ত্রাসী যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতারা, জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি খন্দকার আশরাফুজ্জামান পুলিশ হেফাজতে ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামান রুবেলের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বলেন, এই মামলার আসামি পুলিশ, তদন্তও করছে পুলিশ। তাই সঠিক তদন্ত না হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফ হাজারী বলেন, শহরে সন্ত্রাসের আলামত দেখা যাচ্ছে। পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায়, তিনি সেদিকে দৃষ্টি দেওয়ার দাবি জানান। জেলা যুবলীগের সভাপতি শওকত রেজা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়। অস্ত্রের আনাগোনা চলছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর খান দাউদ বলেন, সন্ত্রাস, টেন্ডারবাজির কারণে সরকার ও দলের বদনাম হচ্ছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী অলিদ ইসলাম বলেন, গত সোমবার জেলা পরিষদে শিডিউল কিনতে গিয়ে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম লাভলু টেন্ডারবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি টেন্ডারবাজদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করার দাবি জানান। ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, তাঁর উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে হাউজি জুয়া চলে। পুলিশকে বললেও তারা ব্যবস্থা নেয় না। তবে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ বলেন, ব্যতিক্রম কথা। তিনি মনিরুজ্জামান রুবেলের মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘এই ছেলেকে এখন ব্যবসায়ী বলা হচ্ছে। এর আগে ওর স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল। পুলিশ হেফাজতে সে মাইর খেয়ে মরেছে নাকি হেরোইন খেয়ে মরেছে, তা জানি না।’সাংসদ শওকত মোমেন শাজাহান বলেন, অঙ্কুরেই সন্ত্রাস বিনষ্ট করা দরকার। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ মামলা করতে সাহস না পেলে পুলিশকেই বাদী হয়ে মামলা করার নির্দেশ দেন। মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘সব উন্নয়ন, সুনাম ধূলিসাৎ হয়ে যাবে। যদি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে না পারি।’ তিনি সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে প্রশাসনকে কাজ করতে পরামর্শ দেন। সভায় টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী তালুকদার, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর খান, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান আজাদসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য দেন।