সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবি
ফরিদপুরের সালথায় চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। পরে সন্ত্রাসী তৎপরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আয়োজকেরা।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, এ ব্যাপারে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধন চলাকালে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন বিএমএ ফরিদপুরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান, মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দীন মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাছ হোসেন প্রমুখ।
বক্তারা ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সম্পাদক মো. সেলিম মোল্লার বাবা, মা, ভাইয়ের স্ত্রীসহ সালথায় অসংখ্য নারী, শিশু ও সাধারণ লোকজনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে অংশ নেওয়া সালথার সাধারণ মানুষ অভিযোগ করেন, গত এক বছরে সালথা উপজেলায় ১৯ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক হুসাইন বুলবুল ও সহসভাপতি আবু নাসের হুসাইনের ওপর হামলা হয়েছে। সম্প্রতি সালথা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত দুই বছরে এ উপজেলায় সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। প্রতিপক্ষের হামলায় দেড় সহস্রাধিক বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।