সন্ত্রাসী ধরতে সাংসদ ও প্রার্থীদের আহ্বান
দেশের বিভিন্ন স্থানে নাশকতা করে রাজধানীতে গা-ঢাকা দেওয়া সন্ত্রাসীদের ধরতে ও ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরের সাংসদ ও সাংসদ পদপ্রার্থীরা।
আজ বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে তাঁরা এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার মাধ্যমে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন যানবাহন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন করেছে চিহ্নিত বোমাবাজ ও জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী। বিভিন্ন জেলা থেকে এসে তারা ঢাকার বিভিন্ন হোটেল, মেস, বস্তি এবং আত্মীয় পরিচয়ে বাসাবাড়িতে অবস্থান নিয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য ওই বিবৃতিতে আহ্বান জানানো হয়। বিবৃতিতে রাজধানীবাসীকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়। বিবৃতিতে ঢাকা মহানগরের ১৬টি সংসদীয় আসনের বর্তমান সাংসদ ও সাংসদ পদপ্রার্থীরা স্বাক্ষর করেন।