সন্ত্রাসী নুরুদ্দিন এবার প্রার্থী হলেন নুরুল ইসলাম নামে!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্ত্রাসী নুরুদ্দিন এবার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী হয়েছেন নুরুল ইসলাম নামে। ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুদ্দিন নামে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হয়েছিলেন। সন্ত্রাসীর অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়ার ভয়ে তিনি এ নামে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান এলাকাবাসী।এলাকাবাসী জানান, দক্ষিণ রাজানগর ইউনিয়নের মৃত বদিউজ্জমার ছেলে নুরুদ্দিন উপজেলার রানীরহাট উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। ছাত্রজীবনে বর্তমান বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আশীর্বাদ নিয়ে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। শুরু করেন ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড। ২০০২ সালে রাঙ্গুনিয়া থানা হামলা মামলায় গ্রেপ্তার করে পুলিশ তাঁকে জেলহাজতে পাঠায়। জামিনে বেরিয়ে এসে ২০০৩ সালে নুরুদ্দিন নামেই রাঙ্গুনিয়া উপজেলার বিভক্ত চার ইউনিয়নের মধ্যে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হন। নির্বাচনে পরাজিত হয়ে তিনি এলাকার সাধারণ মানুষের ওপর চাঁদাবাজিসহ নানা অত্যাচার শুরু করেন। ২০০৮ সালে ভোটার তালিকায় তাঁর নাম নুরুল ইসলাম নিবন্ধন করা হয়। গত ২৬ মে দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। ২৮ মে বাছাই পর্বে তাঁর ভয়ে কেউ অভিযোগ না করায় নুরুল ইসলাম নামেই তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা।রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম জানান, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার সঙ্গে তাঁর মনোনয়নপত্র মিল থাকায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপত্তি না থাকায় মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়।নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এক সদস্য পদপ্রার্থী বলেন, নুরুদ্দিন জেল থেকে জামিনে বেরিয়ে এলেও তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে এলাকার মানুষ মুখ খোলার সাহস পায় না।এ ব্যাপারে নুরুল ইসলাম নামধারী নুরুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নুরুদ্দিন নামে সবাই আমাকে চিনলেও আমার আসল নাম নুরুল ইসলাম। শুধু মনোনয়নপত্র নয়, ভোটার তালিকা, ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধনসহ সবকিছু নুরুল ইসলাম নামেই হয়েছে।’নুরুদ্দিন বলেন, ‘ভুল নামে ভোটার তালিকা হয়েছিল, তাই ওই নামে নির্বাচনে সদস্য পদপ্রার্থী হয়েছি।’ সাজাপ্রাপ্ত মামলার আসামি হিসেবে নির্বাচনী বিধি ফাঁকি দেওয়ার জন্য নাম পরিবর্তনের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘আমার সব মামলা খারিজ হয়ে গেছে।’উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, তথ্য গোপন করা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। বাছাই পর্বে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যেত। জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আপিল করার সুযোগও আর নেই। তবে আদালতে অভিযোগ করার সুযোগ রয়েছে।রাঙ্গুনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, নুরুদ্দিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তবে তাঁর বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে তা তিনি তৎক্ষনাত জানাতে পারেননি।