সন্ত্রাসী বাহিনীর ভয়ে গ্রামছাড়া, অর্ধশতাধিক লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব চর আলিমাবাদ গ্রামের অর্ধশতাধিক লোক মোশাররফ বাহিনীর অত্যাচারে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। আতঙ্কে আছে অন্যরা। পুলিশ বলছে, দুর্গম এবং দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সন্ত্রাসীদের তারা ধরতে পারছে না।গ্রামবাসী সূত্রে জানা গেছে, মাস ছয়েক ধরে কয়ারিয়া ইউনিয়নের পূর্ব চর আলিমাবাদ গ্রামের আবদুল রবন ফকিরের ছেলে মোশাররফ ফকির এলাকার ৩০-৩৫ জন যুবক নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এই বাহিনীতে তাঁর দুই ভাই সেলিম ফকির ও মোবারক ফকিরও আছেন। গ্রামটি উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে কালকিনি ও বরিশালের মুলাদি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় হওয়ায় পুলিশি তৎপরতা কম। তাই বেপরোয়াভাবে এই বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের কাছে একরকম জিম্মি।ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, মোশাররফ বাহিনীর ৩০-৩৫ জন সন্ত্রাসী ১০ নভেম্বর বিকেলে গ্রামের ইউনুস ফকিরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে এলে সন্ত্রাসীরা জাকির ফকির, সালাহ উদ্দিন শিকদার, নুরুল আলম ফকির, ইরানী বেগম ও শাহনাজ বেগমকে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা বাড়ি থেকে এক ভরি স্বর্ণ, ৫৫ হাজার টাকা, দুটি মুঠোফোন সেট, কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা পাঁচ-ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং পাঁঁচটি ফাঁকা গুলিবর্ষণ করে। আহতদের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১২ নভেম্বর ইউনুস ফকির ৩৫ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করেন। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় সন্ত্রাসীদের ভয়ে অনেকে গ্রাম ছেড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাকির ফকির, সালাহ উদ্দিন শিকদার ও নুরুল আলম ফকির বলেন, ‘ছয় মাস ধরে মোশাররফ বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ। আইজ অরে মারে, কাইল ওরে। এতে বাধা দিতে যাইয়া আমাগো এই অবস্থা।’গত সোমবার ওই গ্রামে গিয়ে কোনো পুরুষের দেখা মেলেনি। সন্ত্রাসীদের ভয়ে পলাতক ইয়াছিনের মা কুলসুম বেগম ও নিয়ামত শিকদারের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘মোশাররফের বাহিনীর ভয়ে শান্তিতে ঘুমাইতে পারি না। কতা নাই, বার্তা নাই, যারে-তারে মারে। অগো ভয়ে আমাগো স্বামী-সন্তানেরা আইজ বাড়ি থাকতে পারে না।’গৃহবধূ আরজু বেগম (৩৫) বলেন, মোশাররফ বাহিনীর সদস্যরা গত ৪ মে তাঁর স্বামী আবদুর রহমান ফরাজী ও প্রতিবেশী ইব্রাহীম শিকদারের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পেরে তাঁরা গ্রাম থেকে চলে গেছেন।জব্বার বেপারী বলেন, ‘মোশাররফের বাহিনীর লোকেরা গত ২৫ আগস্ট আমার ছেলে আরমান হোসেনকে তাদের দলে যোগ দিতে বলে। রাজি না হওয়ায় তারা আরমানকে মারধর করে। এ ঘটনার পর থেকে আরমান ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে।’ইউনুসের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কালকিনি থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘মোশাররফের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ আছে। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’কয়ারিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব ফকির বলেন, মোশাররফ ও তাঁর বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে এলাকার কেউ কথা বলতে সাহস পায় না।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘মোশাররফ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। কিন্তু গ্রামটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় তাদের গ্রেপ্তার করতে পারছি না। তবে যৌথ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা সম্ভব।’মাদারীপুরের পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, ‘বিষয়টি এখন জানলাম। দ্রুত এই সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করার ব্যবস্থা নেব।’