আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহৃত হচ্ছে : ফখরুল
সাতক্ষীরার বিএনপির নেতা এস এম বিপ্লবকে গত রাতে পুলিশ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পায়ে গুলি করেছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে বিপ্লবের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে।
আজ শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
বিপ্লব তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের দাবি, তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের সংগঠিত করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গোটা জাতি যখন সোচ্চার, তখন তারা আরও অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে। একই সঙ্গে দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের ওপর প্রকাশ্য হামলা চালানোর মদদ দেওয়া হচ্ছে।
এদিকে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, র্যাব বিতর্কিত হয়ে পড়ায় পুলিশের ওপর গুম-খুনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও সাতক্ষীরার ঘটনার তীব্র নিন্দা জানান।