
চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ২২ মামলার আসামি যুবলীগের নেতা মামুনুর রশীদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আদালত তা নাকচ করে দিয়েছেন। পরে উচ্চ আদালতের আদেশে মামলাটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, এ মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে। এর পরই কার্যক্রম স্থগিত হয়ে যায়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার নথিতে দেখা গেছে, মামুনুর রশীদের বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচলাইশ থানার মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আসে। এরপর উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। ২০১১ সালের ১২ নভেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এরপর রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য আবেদন করেন মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই মামলা থেকে মামুনের নাম প্রত্যাহার করার সুপারিশ করে।গত ২২ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের কথা উল্লেখ করে মামলা থেকে মামুনের নাম বাদ দেওয়ার আবেদন জানান। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দেন।দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ আদেশে উল্লেখ করেন, ‘আসামির বিরুদ্ধে ইতিপূর্বে অভিযোগ গঠন করা হয়েছে। তা ছাড়া, আসামি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বলে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার জবানবন্দিতে উঠে এসেছে। এমতাবস্থায় ৪৯৪ ধারায় দরখাস্ত বিবেচনাযোগ্য নহে বিধায় দরখাস্ত নামঞ্জুর করা হইল।’আদালত সূত্র জানায়, নিম্ন আদালত মামলা প্রত্যাহার না করায় মামুন উচ্চ আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। এরপর বিচারপতি এনায়েতুর রহিম ও আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করে দেন।জানতে চাইলে মামুনুর রশীদ মামুন প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করতে আমার বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল। এখন আমি রাজনীতিসহ কোনো কিছুতেই নেই। এখন আমি ভালো হয়ে গেছি। আমার বিরুদ্ধে এখন একটি মামলা ছাড়া অন্যগুলো প্রত্যাহার হয়েছে অথবা অভিযোগ থেকে খালাস পেয়েছি।’১৯৮৯ সালের ৪ এপ্রিল পলিটেকনিক ইনস্টিটিউটে যাওয়ার পথে শিবিরের নেতা আবু তাহেরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন শিবিরের আরেক নেতা মোহাম্মদ উল্লাহ। এ ঘটনায় মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। পরের বছর ৩০ সেপ্টেম্বর নগর গোয়েন্দা পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ২০০৩ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। র্যাব সূত্র জানায়, ২০০৬ সালে র্যাব চট্টগ্রাম বিভাগের সন্ত্রাসীদের একটি তালিকা তৈরি করে। সেই তালিকায় থাকা ২০ সন্ত্রাসীর মধ্যে ৮ নম্বরে ছিলেন মামুন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি বিদেশে পালিয়ে যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফিরে আসেন। স্থানীয় দৈনিকপূর্বকোণ কার্যালয়ে হামলা ও সাংবাদিকদের মারধরের ঘটনায়ও জড়িত ছিলেন তিনি।