চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনের কাছ থেকে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র উদ্ধারের মামলায় তাঁদের জামিন বাতিল করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোস্তাক আহমদ নথি দেখে এ আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘চট্টগ্রামের দুই সন্ত্রাসী মুক্তির অপেক্ষায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালের ৬ জুলাই নগরের বায়েজীদ বোস্তামী চালিতাতলী এলাকায় শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী গিট্টু মানিকের বাড়িতে অভিযান চালিয়ে একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বায়েজীদ বোস্তামী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম মামলা করেন। বতর্মানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলার আসামি সরোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন চলতি বছরের ৮ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিন নেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে আরও ১৮টি মামলা থাকায় তাঁরা কারামুক্ত হতে পারেননি। আসামিরা এ মামলায় তাঁদের জামিনের মেয়াদ বর্ধিত করতে না পারায় আদালত নথি দেখে জামিন বাতিল করেন।