সন্ত্রাসী সাজ্জাদকে ফিরিয়ে আনার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। এখন দিল্লির তিহার কারাগারে আছেন তিনি।

তবে এর সঙ্গে বাংলাদেশের কারাগারে থাকা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। এই সূত্রের দাবি, অনুপ চেটিয়ার বিষয়টি রাজনৈতিক। আর সাজ্জাদ একজন শীর্ষ অপরাধী। এখানে বিনিময়ের কোনো ব্যাপার নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সম্প্রতি প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে খুব শিগগির ফিরিয়ে আনা হবে। বিনিময়ে অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রত্যর্পণের কাজ চলছে। কত শিগগির তাঁকে তুলে দেওয়া সম্ভব হবে, তা সময়মতো জানতে পারবেন। তবে এটা বলতে পারি, এ ক্ষেত্রে কোনো দেওয়া-নেওয়ার ব্যাপার নেই।’

আট খুনের মামলায় সাজ্জাদের মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনের আরেকটি মামলায় ১০ বছরের কারাদণ্ডের আদেশ হয়। হত্যাসহ আরও আটটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০১২ সালের ৭ নভেম্বর ভারতের পাঞ্জাবের অমৃতসর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন সাজ্জাদ। তাঁকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে গত বছরের ১৪ এপ্রিল সর্বশেষ বার্তা পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

তবে সাজ্জাদকে দেশে ফিরিয়ে আনার সময় নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। তাঁরা বলেন, সাজ্জাদ দেশে ফিরে আসতে চান না। সরকার তাঁকে ফিরিয়ে আনতে চায়। সাজ্জাদ পাঞ্জাবের এক মেয়েকে বিয়ে করেছেন। তাঁদের একটি সন্তানও আছে। যখনই আদালত থেকে সাজ্জাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে, তখনই সেখানকার মানবাধিকার সংস্থাগুলো বলবে, সাজ্জাদের স্ত্রী ওই দেশের নাগরিক। তারা সাজ্জাদের স্ত্রী-সন্তানের বিষয়ে প্রশ্ন তুলে বিষয়টি জটিল করে দিতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে মাইক্রোবাস থামিয়ে শিবিরের ক্যাডাররা গুলি করে হত্যা করে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ আটজনকে। এ মামলায় সাজ্জাদসহ চার সন্ত্রাসীর মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের একটি আদালতে রায় ঘোষণার আগেই সাজ্জাদ দুবাই পালিয়ে যান।

পুলিশ সূত্র জানায়, ২০০১ সালের ২ এপ্রিল সাজ্জাদ সর্বশেষ একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন। বছর দেড়েক জেল খেটে জামিনে বেরিয়ে যান। চট্টগ্রামের কারা ফটক থেকে তাঁকে জামায়াতের তখনকার একজন সাংসদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরপর তিনি গোপনে দুবাই চলে যান বলে প্রচার ছিল। দেশের বাইরে বসে তিনি চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে পুলিশ বিভিন্ন সময় বলে আসছিল।

অনুপ চেটিয়ার বিষয়ে সম্মতি মেলেনি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের জন্য কোনো নির্দেশনা আসেনি। অনুপ চেটিয়া নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ জানিয়ে গত মে মাসে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেছেন। মন্ত্রণালয় থেকে সেই আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। দুই মাসে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি।

ওই সূত্রমতে, অনুপ চেটিয়া ভারত যেতে চাইলেও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাঁকে ফেরত চায়নি। পুরো বিষয়টি অনুপ চেটিয়ার ওপর ছেড়ে দিয়েছে ভারত।