কাল বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক
সন্ত্রাসী হস্তান্তর ও সীমান্তে হত্যা বন্ধ প্রাধান্য পাবে
সীমান্ত হত্যা বন্ধ, অমীমাংসিত সীমান্ত সমস্যার সমাধান ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে আলোচনার জন্য কাল বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, সম্প্রতি বিএসএফ সীমান্তে এক কিশোরীকে নির্মমভাবে হত্যা করায় বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যার প্রসঙ্গটি অগ্রাধিকার পাবে। জানা গেছে, দুই দিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ১৫ সদস্যের স্বাগতিক দলের নেতৃত্ব দেবেন। আর ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সে দেশের স্বরাষ্ট্রসচিব গোপাল কে পিল্লাই। স্বরাষ্ট্রসচিবদের বৈঠকের আগে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে যৌথ কার্যদলের (জেডব্লিউজি) যুগ্ম সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন। আর ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং। প্রসঙ্গত, ২০০৯ সালের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর দিল্লিতে দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে হত্যা বন্ধের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার, ভারতে পালিয়ে থাকা শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের হস্তান্তর এবং মানব ও মাদক পাচার রোধে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো তুলবে বাংলাদেশ। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে গত জানুয়ারিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সই হওয়া তিন চুক্তি বাস্তবায়নের বিষয়টি তোলা হবে বলে আভাস মিলেছে। গত ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ ফেলানী নামের এক কিশোরীকে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে ইতিমধ্যেই ভারতীয় স্বরাষ্ট্রসচিবের কাছে ফোনে বাংলাদেশের অসন্তোষের বিষয়টি জানানো হয়েছে। জড়িত বিএসএফ সদস্যদের শাস্তির দাবির বিষয়টি আবারও বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। ওই হত্যার প্রসঙ্গ টেনে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে পদক্ষেপের অংশ হিসেবে রাবার বুলেট ব্যবহারের অনুরোধ জানাবে বাংলাদেশ। জানা গেছে, ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল আক্রমণকারী যমজ ভাই মুরসালিন ও মুত্তাকিন বর্তমানে দিল্লির তিহার জেলে আটক রয়েছে। কারারুদ্ধ ওই দুই অপরাধীকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি তুলবে বাংলাদেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মতে, ভারতে পালিয়ে থাকা শাহাদাত, ডাকাত শহীদ, আশিকসহ দেশের বেশ কিছু শীর্ষস্থানীয় সন্ত্রাসী ভারতে বসেই মুঠোফোনের মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। এ প্রেক্ষাপটে তাদের বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে দিল্লির সহযোগিতা চাইবে ঢাকা। অস্ত্র পাচার বন্ধ করতে সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানোর ব্যাপারেও বাংলাদেশ ভারতকে অনুরোধ জানাবে। ভারতীয় হাইকমিশনারকে তলব কিশোরী ফেলানী হত্যার প্রতিবাদ জানাতে গত রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মুস্তাফা কামাল হাইকমিশনারের কাছে একটি কূটনৈতিক চিঠি তুলে দেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যেভাবে ওই কিশোরীকে হত্যা করেছে, সেটি দুই দেশের মধ্যে সম্পাদিত সীমান্ত চুক্তি, আন্তর্জাতিক রীতিনীতি ও মানবাধিকারের পরিপন্থী।এ সময় ভারতীয় হাইকমিশনার ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবকে জানান, বাংলাদেশের উত্থাপিত বিষয়টি তিনি তাঁর দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ভারত ও বাংলাদেশ সমাধান খুঁজে বের করতে পারবে।