মঙ্গোলিয়ায় শেখ হাসিনার সঙ্গে আজ ইইউ নেতাদের বৈঠক
সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বেগের বিষয়টি প্রাধান্য পাবে

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। আজ শনিবার মঙ্গোলিয়ায় আসেম শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন ইইউ নেতারা।
এর পাশাপাশি ইইউ নেতারা বাংলাদেশে সন্ত্রাসী হামলায় লোকজনের হতাহতের সংখ্যা বেড়ে যাওয়া এবং জুনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক বিরোধী নেতা-কর্মী গ্রেপ্তারের ব্যাপারে তাঁদের উদ্বেগের প্রসঙ্গটি তুলবেন।
ইইউর সদর দপ্তর ব্রাসেলসের কূটনৈতিক সূত্রগুলো গত বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর খসড়া সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গোলিয়ার স্থানীয় সময় বেলা দুইটায় ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের সভাপতি জাঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ব্রাসেলস ও ঢাকার কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইইউ নেতাদের আলোচনার কিছু বিষয় ১১ জুলাই ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের নিয়মিত মাসিক সভায় উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশিয়া বিভাগের সভাপতি জিন ল্যাম্বার্ট ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
জিন ল্যাম্বার্টকে উদ্ধৃত করে এক কূটনীতিক বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে পার্লামেন্টের অন্য সদস্যদের সঙ্গে তিনিও গুলশানের রেস্তোরাঁর হামলায় গভীর উদ্বেগ জানান। এর পাশাপাশি তিনি বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বেশ কিছু হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়েছে। এই সমস্যা সমাধানে তিনি সব রাজনৈতিক পক্ষকে ভূমিকা রাখার আহ্বান জানান।
জিন ল্যাম্বার্ট আরও বলেন, জুন মাসে উল্লেখযোগ্যসংখ্যক বিরোধী নেতা-কর্মীকে নিবর্তনমূলক গ্রেপ্তারে ইইউ পার্লামেন্টের সদস্যরা উদ্বিগ্ন।
ওই আলোচনায় অংশ নিয়ে ইইউ কর্মকর্তা মারিয়া ক্যাপেলো ফার্নান্দেজ বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করতে পারে বলে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিজনেস ফোরামের বৈঠকে ইইউ মত দিয়েছিল। মঙ্গোলিয়ায় অনুষ্ঠেয় আলোচনায় ইইউ আবার বিষয়টি তুলবে।
জানতে চাইলে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু স্বীকার করেছেন এ বিষয়গুলো নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের নিয়মিত বৈঠকে আলোচনা হয়েছে। পিয়েরে মায়াদু গত বৃহস্পতিবার সকালে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘ব্রাসেলসের সহকর্মীদের মতো জুন মাসের নিবর্তনমূলক গ্রেপ্তার নিয়ে আমারও উদ্বেগ আছে। কারণ, জঙ্গি দমনের নামে ওই গ্রেপ্তারি অভিযান শুরু হয়েছিল, অথচ পুলিশ স্বীকার করছে যে গ্রেপ্তার হওয়া বিপুলসংখ্যক লোকজনের মধ্যে সন্দেহভাজন জঙ্গির সংখ্যা দুই শরও কম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নানা ধরনের অপরাধীও আছে। এ ধরনের গণ-গ্রেপ্তার সহায়ক হয় না; কারণ, এতে নিরীহ লোকজনের আটক হওয়ার ঝুঁকি থাকে। এতে করে অসন্তোষ তৈরি হতে পারে।’