সন্ত্রাসী হামলা রাজনৈতিক সমস্যা নয়

‘সন্ত্রাসী হামলা কোনো রাজনৈতিক সমস্যা নয়’ মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, এটি একটি জাতীয় সমস্যা। সরকার এই সন্ত্রাসীদের নির্মূল করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে।
আগামীকাল শনিবার রাজধানীতে জাপার শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। তিনি বলেন, কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা সমর্থন করতে পারে না।
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতা সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।