সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতার মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় আহত উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তনু ফকির (৩৫) গত সোমবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত আটটার দিকে দিঘলিয়া বাজারে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
তনু ফকিরের বাড়ি উপজেলার দিঘলিয়া বাজারের পাশে। তাঁর কলেজপড়ুয়া ছোট ভাই নজরুল ইসলাম বলেন, ‘গ্রাম্য দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়েই সম্ভবত আমার ভাইকে হত্যা করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের জের ধরে কুমড়ি গ্রামে প্রতিপক্ষের অন্তত সাত বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। গত ১১ মে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে লোহাগড়া উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়। এতে তনু ফকির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া তিনি দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি। এলাকাবাসীর ভাষ্য, তনু ফকিরের আদি নিবাস কুমড়ি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। কুমড়ি গ্রামে তনুদের পক্ষে নেতৃত্ব দেন আলী আজম খান ও ওসমান সরদার। প্রতিপক্ষের মাতবর হলেন মশিয়ার খাঁ ও ইছাহাক সরদার। আলী আজম খান বলেন, ‘গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। তনু রাজনৈতিকভাবে ওপরে উঠে যাচ্ছে। এ জন্য গ্রাম্য ও এলাকার প্রতিপক্ষরা তাঁকে শেষ করে দিল।’
মশিয়ার খাঁ বলেন, ‘শুনেছি মুখোশ পরা দুজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে। সম্প্রতি তনুদের গ্রামে নিজ দলের মধ্যেও বিরোধ চলছিল। হয়তো সেভাবেই হত্যাকাণ্ড ঘটেছে।’ উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম বলেন, তনু দুরন্ত ও সাহসী ছেলে। তাঁর উত্থান যারা মেনে নিতে পারেনি তারাই তাঁকে শেষ করে দিয়েছে।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রভাশালী মহল তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। এসব নিয়েই এ হত্যাকাণ্ড। এ ঘটনায় এখানো কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এর জের ধরে সোমবার রাতে কয়েক বাড়িতে লুটপাট হয়েছে।