সন্ত্রাসী হামলায় গুরুতর আহত গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিত্সাধীন আরিফ নূর
হাসপাতালে চিকিত্সাধীন আরিফ নূর

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী আরিফ নূর (৩০)। গত শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানার পরীবাগে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। তারা এ হামলার জন্য স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল চক্রকে দায়ী করেছে। আরিফ নূরের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হোটেল রূপসী বাংলাসংলগ্ন পরীবাগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আরিফ। হঠাৎ একটি প্রাইভেট কার থেকে পাঁচ-সাতজন যুবক নেমে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকেরা দ্রুত প্রাইভেট কারে উঠে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বিকেলে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেন আরিফের ভাই আসাদুজ্জামান। এতে বলা হয়, মূল্যবান কিছু জিনিসপত্র থাকলেও হামলাকারীরা আরিফের কাছ থেকে তা নেওয়ার চেষ্টা করেনি। তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছিল। আরিফ গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ খেলাঘরের একজন সংগঠক। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নিবন্ধন করা হচ্ছে। আসাদুজ্জামান বলেন, আরিফ সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে চলে যান। ওই ক্লিনিকে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আসাদুজ্জামান আরও বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় তাঁদের বাসা। আরিফ বিজ্ঞাপন ও নাটক পরিচালনার সঙ্গে সম্পৃক্ত। তাঁদের পারিবারিক কোনো শত্রুতা নেই। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু বলেন, এ পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর যত হামলার ঘটনা ঘটেছে, সব হামলার ধরন এক।

আরিফের ওপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।