সন্ত্রাসী হামলায় চট্টগ্রামে কনস্টেবল নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন চারজনকে আটক করেছে।

নিহত কনস্টেবল হলেন মো. আবদুল কাইয়ুম (২৫)। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। আর আহত ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম, সাহাব উদ্দিন ও সালাহ উদ্দিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বাংলোর নিরাপত্তা রক্ষী।

পুলিশের ওপর হামলায় সাত থেকে আটজন সন্ত্রাসী অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদের মধ্যে পাঁচজনকে পুলিশ চিনতে পেরেছে। একজন নগর যুবলীগের নেতা হুমায়ুন কবির ওরফে মুরাদ হত্যাকাণ্ডের আসামি। গত সপ্তাহে হুমায়ুন কবির খুন হন।

বাটালি পাহাড় ও আশপাশের এলাকা সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে পরিচিত। নগরের সবচেয়ে বড় বস্তি এই পাহাড়ের পাদদেশে অবস্থিত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডিআইজির বাংলো বাটালি পাহাড়ের অদূরে জিলাপি পাহাড়ের ওপরে অবস্থিত। গতকাল সকালে ডিআইজি বাংলোর ওপর শতায়ু অঙ্গনে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। এ সময় ওই ব্যক্তির চিৎকার শুনে ডিআইজির নিরাপত্তা রক্ষীদের একজন এক ছিনতাইকারীকে ধাওয়া করে বাটালি পাহাড়ের কাছে নিয়ে যান। পেছনে দৌড়ে যান আরও চারজন কনস্টেবল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, বাটালি পাহাড়ের পাদদেশে টিনের চালার একটি খালি ঘরে সকালের দিকে জুয়া খেলছিল দুর্বৃত্তরা। জুয়াড়িদের মধ্যে যুবলীগের নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি সুমন ছাড়াও কালো লাদেন, মিন্টু, বুলেট ও আরসেল ছিলেন। সহযোগীর চিৎকার শুনে জুয়া খেলা ছেড়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। তারা চার পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।

প্রত্যক্ষদর্শী কিশোর রুবেল জানায়, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত চার পুলিশ সদস্যের মধ্যে একজন বটতলা পর্যন্ত গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘পেশাদার সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। আমরা হামলাকারীদের পরিচয় পেয়েছি। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়েছেন। ছিনতাইকারীরা সংঘবদ্ধ হয়ে দা ও ছোরা নিয়ে তাঁদের ওপর আক্রমণ করে। ঘটনার সময় পাঁচ পুলিশ সদস্য থাকলেও একজন কৌশলে পালিয়ে রক্ষা পান।