সন্ত্রাসী হামলায় বুয়েটের তন্ময় গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তন্ময় আহমেদ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন তন্ময় বলেছেন, মুখোশ পরে শিবিরের কর্মীরা তাঁর ওপর হামলা করেছেন। তাঁর ধারণা, ব্লগে লেখালেখির কারণে তিনি পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।

তন্ময়ের চিকিত্সক আল হেলাল দিদারুল আলম জানান, তন্ময়ের মাথা, পিঠ, ডান পা, ডান হাত ও বাম কানের নিচসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে মারাত্মক জখম করা হয়েছে। রাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার করেছেন শল্যচিকিত্সকেরা।

চিকিত্সাধীন অবস্থায় তন্ময় জানান, একটি ভ্যানে করে তিনিসহ ছয় বন্ধু পলাশবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে পলাশবাড়ি সরকারি কলেজের পাশে সদর ইউনিয়নের কাশিয়াবাড়ি সড়কের শিমুলিয়া নামক স্থানে তিনটি মোটরসাইকেলে করে নয়জন মুখোশধারী যুবক ভ্যান আটকিয়ে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে মারাত্মক জখম করেন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে তন্ময়ের পাশে থাকা মা ফারজানা হক বলেন, ঈদ করতে এসে ছেলে হামলার শিকার হলো। প্রকৃত ঘটনা তদন্ত করে ছেলের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।  

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। তবে এখন পর্যন্ত পুলিশ একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ঘটনাস্থল থেকে তন্ময়কে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে তন্ময়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানানো হয়। বিবৃতিতে তাঁরা দাবি করেছেন, শিবিরের ক্যাডাররা তন্ময়ের ওপর হামলা চালিয়েছে।  তাঁরা হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।