সন্ত্রাসী হামলায় মাদ্রাসাছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মিটিপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসাছাত্র আল আমীন (১৯) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রতিপক্ষের লোকজন মনু নদীর মিটিপুর গোধারা খেয়াঘাটে তাঁর ওপর হামলা করে। গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান।
নিহত আল আমীন মিটিপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের পরীক্ষার্থী। ঘটনার দিন তিনি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খেয়াঘাট এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিটিপুর গ্রামে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দু-তিন দিন আগে দুই পরিবারের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মনু নদীর মিটিপুর গোধারা খেয়াঘাটে আল আমীনকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে। তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই দিন দিবাগত রাত ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আল আমীন মারা যান।