সন্ত্রাসী হামলার প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তরুণ আইনজীবী টি এম মুহী উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সিলেটের আইনজীবীরা। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতির ডাকে কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচির শুরুতে আইনজীবীরা প্রতিবাদ মিছিলও করেন।

জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, সমিতির সদস্য আইনজীবী টি এম মুহী উদ্দিন (২৮) গত ২৬ জুন ঈদের দিন সুনামগঞ্জের ছাতকে নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আইনজীবীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে সিলেটে এ কর্মসূচি পালন করা হয়।

মুহী উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, মুহী উদ্দিন ও তাঁর চাচা টি এম আহেমদ আনহার ওই দিন ছাতকের পালপুরে স্থানীয় সাংসদের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় করে বাড়ি ফিরছিলেন। পথে আকস্মিক হামলার মুখে পড়েন। সশস্ত্র সন্ত্রাসীরা তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও ছিনিয়ে নিয়ে মুহী উদ্দিনের মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে মুখে ও নাকের একাংশ কেটে যায়। দায়ের কোপ ফেরাতে গিয়ে তাঁর ডান হাতের আঙুলের একাংশ কেটে যায়। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে ছাতক থানায় মামলা করা হয়েছে। মুহী উদ্দিনের চাচা টি এম আহেমদ আনহার প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামে সরকারি গাছ কাটার ঘটনায় একটি মামলা হয়েছিল। সেই মামলার সাক্ষী ছিলেন হামলার শিকার আইনজীবীর কয়েকজন আত্মীয়। প্রায় এক বছর আগের এ ঘটনার জের ধরে হামলা হয়। ঘটনার দিনই পুলিশ ২০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তবে হামলাকারী মূল আসামি কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।