সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীতে সামাজিক ও মানবাধিকার আন্দোলনের নেতা এবং উন্নয়নকর্মী নুরুল আলমের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে নোয়াখালী টাউন হলের মোড়ে ওই কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় একই স্থানে প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা নুরুল আলমের ওপর ১৬ মে সন্ত্রাসীদের আক্রমণ, মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অন্যান্যের মধ্যে জেলা জজ আদালতের জিপি কাজী মানছুরুল হক, গণজাগরণ মঞ্চের সংগঠক নাজমুস সাকিব প্রমুখ বক্তব্য দেন।