সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে গত সোমবার দুপুরে একদল সন্ত্রাসী ব্যাপক ভাঙচুর ও এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন, মানববন্ধন, কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা করেন।মামলা ও শিক্ষক সূত্রে জানা যায়, কলেজের মাঠ ভরাট ও সৌন্দর্য বৃদ্ধির জন্য স্থানীয় সাংসদ শামসুর রহমান শরীফ দুই লাখ টাকার অনুদান দেন। গত ৩০ জুন ওই টাকা উত্তোলন করা হয়। এই টাকা কলেজ তহবিলে জমা হওয়ার পর থেকে একদল উচ্ছৃঙ্খল যুবক ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাঁদা চেয়ে আসছিল। সোমবার আবু সাঈদের নেতৃত্বে মাসুদ, রবি, সজীব, সনেটসহ বেশ কয়েকজন অধ্যক্ষের কক্ষের সামনে এসে আবারও চাঁদা দাবি করে। অধ্যক্ষ এ কে এম সিরাজুল ইসলাম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাঁর কক্ষে ভাঙচুর চালায়। এখান থেকে বের হয়ে হামলাকারীরা কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ভবনের দুটি রুমে ভাঙচুর ও শিক্ষকদের গালিগালাজ করে। তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে হামলাকারীরা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাফিজুর রহমানকে কিল-ঘুষি মারতে থাকে। এ ঘটনায় সোমবার রাতে উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। লাঞ্ছিত শিক্ষক মাফিজুর রহমান বলেন, কয়েক দিন ধরে ছাত্রলীগ পরিচয়ে ওই যুবকেরা চাঁদা চেয়ে আসছিল।এদিকে ঘটনার পর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকার ও কলেজ কমিটির সভাপতি আশরাফুজ্জামান শিপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুঃখপ্রকাশ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।যোগাযোগ করা হলে ছাত্রলীগের কলেজ কমিটির সভাপতি আশরাফুজ্জামান বলেন, সাঈদসহ অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রলীগের কোনো কমিটিতে নেই। এরা ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছিল।