সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে চিকিৎসক ও কর্মচারীরা মানববন্ধন, কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
গতকাল মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন।
সরেজমিনে দেখা যায়, গতকাল কর্মস্থলে উপস্থিত থাকলেও হাসপাতালের ২৮ জন চিকিৎসক বহির্বিভাগের কোনো রোগীকে চিকিৎসা দেননি। এ কারণে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন টাকার টিকিট দুই টাকায় না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উচালিয়াপাড়া গ্রামের আল আমীনসহ তিনজনের সঙ্গে হাসপাতালের এক কর্মচারীর ঝগড়া হয়। কিছুক্ষণ পর আল আমীনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকসহ ছয়জনকে মারধর ও আসবাব ভাঙচুর করেন। ঘটনার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।