সন্ত্রাসী হামলায় আহত আদিবাসী নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় আহত নাটোর সদর উপজেলার মোমিনপুর গ্রামের আদিবাসী নেতা লক্ষ্মণ সরদার (৭০) গতকাল শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ২৫ অক্টোবর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে সিংড়া উপজেলায় ঘরে আগুন লেগে মারা গেছে এক প্রতিবন্ধী শিশু।
সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, মোমিনপুর গ্রামে আদিবাসীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে ২৫ অক্টোবর ভোরে স্থানীয় সন্ত্রাসীরা আদিবাসী নেতা লক্ষ্মণ সরদারের বাড়িতে হামলা চালায়। তারা তাঁকে বাড়ি থেকে বের করে এনে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাত তিনটার দিকে তিনি মারা যান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সিংড়ার শেরকোল ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, গোয়ালবাথান গ্রামের মজেল মণ্ডল ও তাঁর স্ত্রী তাঁদের প্রতিবন্ধী শিশু রুহুল হোসেনকে (৭) ঘরে ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে পালাগান শুনতে যান। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। রাত ১২টার দিকে জ্বালিয়ে দিয়ে যাওয়া মশার কয়েল থেকে ঘরের বেড়ার পাটকাঠিতে আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন নেভালেও ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে শিশুটি মারা যায়। গতকাল শিশুটির লাশ দাফন করা হয়েছে।