সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম (৪০) মারা গেছেন। গতকাল রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে সকাল নয়টার দিকে নিহত রফিকুলের নিজ গ্রাম পাঁচগাতিয়ার উত্তেজিত জনতা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের বানিয়াগ্রাম এলাকায় গাছ ফেলে অবরোধ করে রাখে। দুপুর একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মেয়ের চিকিৎসার পর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। কটিয়াদী বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর চার-পাঁচজন যুবক মাইক্রোবাসটির কাছে এসে রফিকুলের কুশলাদি জিজ্ঞাসা করে তাঁকে চা খেতে অনুরোধ করে। তিনি জরুরি কাজ আছে বলে তাঁদের চা খাওয়ার জন্য ১০০ টাকা দেন। ওই মুহূর্তে ৮-১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং গাড়িতে বসে থাকা রফিকুলকে আঘাত করে। এরপর রফিকুল গাড়ি থেকে নেমে দৌড়ে একটি মিষ্টির দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় গাড়িতে অবস্থানরত রফিকুলের সঙ্গী নুরুল ইসলাম মাস্টার গাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে আহত করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাঁদের প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাঁদের ঢাকায় পাঠানো হয়। পরে রফিকুলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।গতকাল সন্ধ্যা সাতটায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, মামলা করার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জুয়েল, সুমন, লিটু ও রতন নামের চার ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।