সন্ত্রাসী হামলায় আহত টেকনাফ থানার কনস্টেবল ময়েসিং মারা গেছেন
কক্সবাজারের টেকনাফ থানার পুলিশ কনস্টেবল ময়েসিং মারমা। গতকাল বৃহস্পতিবার ছুটি নিয়ে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। স্ত্রী উমা প্রু মারমা অন্তঃসত্ত্বা। চিকিত্সকেরা জানিয়েছেন, আগামী ৩ জুন তিনি মা হবেন। ওই সময় স্ত্রীর পাশে থাকতেই বাড়ি ফেরার কথা ছিল তাঁর। তিনি ফিরলেনও। কিন্তু জীবিত নয়, লাশ হয়ে।সন্ত্রাসী হামলায় আহত ময়েসিং গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেনের নেতৃত্বে ১৯ মে সন্ধ্যায় হাবির ছড়া গ্রামে একটি মামলা তদন্ত করতে গিয়ে ময়েসিং সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি মাথায় আঘাত পান। হামলায় এসআই ইমাম হোসেনও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত নয়টার দিকে ময়েসিং মারা যান।হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রধান কামাল উদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে ময়েসিংয়ের মাথার খুলি ফেটে যায়। হাসপাতালে আনতে দেরি হওয়ায় মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়। এ কারণেই তাঁর মৃত্যু হয়।