সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ফতেহ ওসমানীর মৃত্যু
সিলেট শহরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ফতেহ ওসমানী (৫০) মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। এদিকে সাংবাদিকের মৃত্যুর খবরে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর নিজ এলাকা চৌকিদেখির ক্ষুব্ধ একদল লোক সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে। পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল রাতে সিলেট শহরের শাহী ঈদগাহ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক ফতেহ ওসমানী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাত সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।সিলেট নগরের পূর্ব চৌকিদেখির বাসিন্দা ফতেহ ওসমানী সর্বশেষ সাপ্তাহিক ২০০০ এর সিলেট প্রতিনিধি ছিলেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি মননশীল সাহিত্যচর্চায়ও সক্রিয় ছিলেন।সাংবাদিক ফতেহ ওসমানীর ছোট ভাই ফরহাদ মতিন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ সিলেটে নেওয়া হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের চৌকিদেখি এলাকায় তাঁর দাফন হওয়ার কথা।ফতেহ ওসমানীর ওপর হামলার ঘটনায় তাঁর ভাই ফরহাদ মতিন সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ সাদ্দাম নামের এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসী হামলার মামলাটি গতকাল হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ঘটনার পরপরই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।