সন্ত্রাসী হামলায় একজন আহত পুড়িয়েছে গাড়িও
মামলাজনিত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় সায়েদ মিয়া (২৫) নামে একজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁর প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে। আহত যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। গত রোববার সন্ধ্যারাতে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কের মাইজপাড়া এলাকায় এই হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মধ্যপ্রাচ্য-প্রবাসী সায়েদ মিয়া তাঁর এক আত্মীয়সহ রোববার সন্ধ্যা সাতটার দিকে শমশেরনগর সড়কের মাইজপাড়া এলাকা দিয়ে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল আরোহী তাঁদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সায়েদ মিয়াকে কোপাতে থাকলে তিনি গুরুতর আহত হন। এদিকে এই হামলার কিছু পরে সন্ত্রাসীরা সায়েদ মিয়ার গাড়িতেও অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।